পটিয়ায় আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় পটিয়ার আশিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রদলের নেতা মিসবাহুল ইসলাম, বিএনপি নেতা নাছির, আব্দুল মান্নান খান, শহিদ চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, মো. রহমান ও শাহ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদলের এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা আশিয়া বাংলা বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।












