পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১
ছবি সংগৃহীত।

পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারেজ (২০) নামের প্রবাসফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রামিম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফারেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবীপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত রামিম একই ইউনিয়নের নয়ারপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-ব ১১-০১৯৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফারেজ ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রামিম গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের এক আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেলচালকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাস থেকে দেশে ফেরার কিছুদিন পরই সড়ক দুর্ঘটনায় ফারেজের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন
বার্ষিক সভায় সম্মাননা নিচ্ছেন হালিশহর দরবার শরিফের পীর সাহেব আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক (মাযহু জিল্লুহুল আলিয়া)।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা রবিবার (১৫ নভেম্বর) রাতে সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর দরবার শরিফের পীর সাহেব ও আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক (মাযহু জিল্লুহুল আলিয়া)। প্রধান মেহমান ছিলেন শাহজাদা হজরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ সিরাজুল মোস্তফা। এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন শনিবারের সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি।

মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মুহাম্মদ নিজাম উদ্দীন ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফ উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওসমান গনি।

আমন্ত্রিত ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন বিএএফ শাহীন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোরশেদুল আলম আনোয়ারী, মাওলানা জাবের আহমদ মুনিরী, মাওলানা কাজী মোহাম্মদ জাফর প্রমুখ।

সভায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম, গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোলাইমান, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মোহাম্মদ আবু সৈয়দ, বখতিয়ার সোসাইটির ইলিয়াস সোবহান প্রমুখ।




পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা মো. নাছির ও মো. কাইসার। তবে নাছির ও কাইসারের সুনির্দিষ্ট সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি। তাঁদের তিনজনেরই বাড়ি গোরনখাইন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোরনখাইন এলাকার মৃত আবদুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, আহমদ আলীর ছেলে মো. নাছির এবং মো. ইউসুফের ছেলে মো. কাইসারকে আটক করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করছে সরকার: পটিয়ার এমপি এনামুল হক এনাম

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করছে সরকার: পটিয়ার এমপি এনামুল হক এনাম
ছবি সংগৃহীত।

পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ‘এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে পটিয়ার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানির সমস্যার কথা জানানো হচ্ছে। এ সমস্যা নিরসনে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরাও সরকারি উদ্যোগে এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পড়াশোনার খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা ও অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী ও পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।