নিজের ভবন নির্মাণে সাঙ্গু নদীর বালু লুটের অভিযোগ মিন্টুর বিরুদ্ধে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নিজের ভবন নির্মাণে সাঙ্গু নদীর বালু লুটের অভিযোগ মিন্টুর বিরুদ্ধে

নিজের ভবন নির্মাণে সাঙ্গু নদীর বালু লুটের অভিযোগ মিন্টুর বিরুদ্ধে
ছবি সংগৃহীত।

বান্দরবান শহরের উজানীপাড়া সমিল এলাকায় সাঙ্গু নদীর চর থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে মিন্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিজ বাড়ির ভবন নির্মাণের জন্য গত ১০ দিনেরও বেশি সময় ধরে তিনি নদীর চর থেকে বালু উত্তোলন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মিন্টু স্থানীয়ভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে চলতেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া জোট পারমিটের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছের ব্যবসার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উজানীপাড়া সমিল এলাকায় সাঙ্গু নদীর চর ঘেঁষে নিজের ভবন নির্মাণের উদ্দেশ্যে নদী থেকে বালু উত্তোলন করছেন ওই ব্যক্তি। তবে এ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে অনুমোদন ছাড়া বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীরবর্তী পরিবেশ ও আশপাশের জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে নদীর চরে যাতায়াতের জন্য ব্যবহৃত পাশের সিঁড়ি ধসে পড়ার আশঙ্কাও করছেন তাঁরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিন্টু বলেন, “আমার বাসার কাজের জন্য বালু তুলছি। বাড়ি নির্মাণের কাজেই ব্যবহার করা হচ্ছে। অনুমতি লাগে কি না, তা জানি না। যা হবে হোক।”

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক নুরু হাসান সজীব বলেন, “পরিবেশের যদি ক্ষতি হয়, আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।”




লামায় চার কোটি টাকার সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

লামায় চার কোটি টাকার সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, মানহীন খোয়া (কংক্রিট) এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, লামা বিএডিসি কার্যালয়ের ১ হাজার ৬০০ ফুট সীমানাপ্রাচীর নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। সম্প্রতি এ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাজ্জাদ এন্টারপ্রাইজ’। তবে কাজটি নিজেদের তত্ত্বাবধানে না করে প্রতিষ্ঠানটি অন্য একটি পক্ষকে উপ-ঠিকাদারি (সাব-কন্ট্রাক্ট) বা হস্তান্তরের মাধ্যমে করাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রাচীর নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দরপত্রের শর্ত (শিডিউল) লঙ্ঘন করে অতি নিম্নমানের খোয়া এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করছেন। এমনকি হাতের সামান্য চাপে ব্যবহৃত নির্মাণসামগ্রী ভেঙে যাচ্ছে। ফলে নির্মাণাধীন সীমানাপ্রাচীরটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর দাবি করেন, “আমি এক নম্বর খোয়া ও বালুর মূল্য পরিশোধ করছি। যদি কেউ খারাপ মালামাল দিয়ে কাজ করে থাকে, তবে আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে কাজটি বন্ধ করে দিন।”

কাজের তদারকির বিষয়ে জানতে চাইলে বিএডিসি বান্দরবানের প্রকৌশলী জানান, তাঁকে একা পুরো জেলার অনেকগুলো প্রকল্প তদারকি করতে হয়। এ কারণে সব সময় নির্মাণস্থলে উপস্থিত থেকে কাজ করানো সম্ভব হচ্ছে না। তবে লামার এই সীমানাপ্রাচীর নির্মাণে কাজের গুণগত মান খারাপ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা বলছেন, চার কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজ এভাবে নামমাত্র তদারকি এবং সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রাক্কলন অনুযায়ী মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।




নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারি গ্রেফতার
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকার পাকা রাস্তায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবনিয়া থেকে মেম্বারঘাটা হয়ে কুতুপালংগামী একটি সিএনজিকে অস্থায়ী চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা এবং জব্দকৃত সিএনজির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সলিম উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এসংক্রান্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা (এফআইআর নম্বর-০৯, তারিখ- ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।




নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রবাসীর জমি দখলের অভিযোগ
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিমিয়া পাড়া নামক স্থানে আদালতের আদেশ উপেক্ষা করে রাতের আঁধারে এক প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১১ নভেম্বর (বুধবার) ভোরে প্রবাসী আজগর আলীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে ভূমিদস্যু কবির আহমদ ও তাঁর বাহিনী। এর আগে গত ৭ অক্টোবর প্রবাসী আজগর আলীর জমি দখলের চেষ্টা চালায় কবির আহমদ ও তাঁর লোকজন। এ সময় আজগর আলীর ভাইপো ইউসুফ আলী প্রতিবাদ করলে কবির আহমদ ও তাঁর বাহিনী যেকোনো মূল্যে জমি দখলের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আজগর আলীর পক্ষে তাঁর ভাইপো বাদী হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বান্দরবান আদালতে একটি মামলা করেন (নম্বর: ৫৫/২০২৬)। আদালত অভিযোগ আমলে নিয়ে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেন এবং বিষয়টি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শওকত জামিলকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু তদন্ত চলাকালীন সময়েই কবির আহমদ ও তাঁর লোকজন পুনরায় আজগর আলীর জমি জবরদখল করে নেন।

সূত্র মতে, নালিশি জমির রেকর্ডীয় মালিক আলী মিয়া। ওয়ারিশ সূত্রে তাঁর পুত্র আজগর আলী বিভিন্ন দাগে ৬৫ শতক জমি ভোগদখলে আছেন। দীর্ঘ ৩০ বছরের মধ্যে ৩৫২৩ দাগের ৫ শতক জমি কবির আহমদ গংয়ের কুদৃষ্টিতে পড়ে। প্রবাসী আজগর আলী প্রায় ১০ লাখ টাকা খরচ করে মাটি ভরাট করে উক্ত জমি দোকানঘর নির্মাণের উপযোগী করে তুলেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, জমিটি প্রবাসী আজগর আলী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শওকত জামিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।