নাইক্ষ্যংছড়িতে বিজিবির ত্রাণ সহায়তা অব্যাহত, এবার পেল ২০০ শিশু

বন্যাকবলিত ২০০ শিশুর মাঝে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর উদ্যোগে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সীমান্তবর্তী এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মানসিক চাপ এবং নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হয়েছে।
এই মানবিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর উদ্যোগে বন্যাকবলিত এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের মাঝে সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করা।
খাদ্যসামগ্রী বিতরণকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তিনি তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা এবং বন্যাজনিত দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবি অসহায় মানুষ ও শিশুদের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।”
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুর্যোগ, দুর্বিপাক ও সংকটকালীন সময়ে জনগণের পাশে থেকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনকল্যাণে নিবেদিত এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন সদর।








