দুর্যোগে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান: এম. পি শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আলহাজ্ব নজির আহমদ ফাউন্ডেশন-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল জুমাবার সকালে আলহাজ্ব নজির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও ঈমানি কর্তব্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। মানবসেবার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান যেভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আলহাজ্ব নজির আহমদ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দুর্যোগ মোকাবিলা অনেক সহজ হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নেজাম উদ্দিন এবং ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুর মুহাম্মদ। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।






