নাইক্ষ্যংছড়িতে বিজিবির ত্রাণ সহায়তা পেল বন্যা কবলিত ৬০ পরিবার

নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় জনসাধারণের মাঝে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
ভারী বর্ষণ ও দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ জুলাই বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এ সময় ৬০টি পরিবারের মাঝে ৬০ প্যাকেট শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটের মধ্যে চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, পেঁয়াজ ৫০০ গ্রাম, গুড় ৫০০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, হলুদ ১০০ গ্রাম এবং মরিচ ১০০ গ্রাম অন্তর্ভুক্ত ছিল।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল করিম বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”







