নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৫৩ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহল দল দায়িত্বপূর্ণ কোলাচিপাড়া এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩,৫২,৫০০ (তিপ্পান্ন লাখ বাহান্ন হাজার পাঁচ শ) টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ ও লালি গোল কাঠ জব্দ করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় লেম্বুছড়ি বিওপির টহল দল কোলাচিপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫৩,৫২,৫০০ টাকা মূল্যের নিম্নবর্ণিত কাঠ আটক করে।
আটক করা কাঠের মধ্যে রয়েছে:
অবৈধ সেগুন কাঠ: ১,০০০ ঘনফুট (লম্বাফুট)
অবৈধ লালি গোল কাঠ: ৭৪১ ঘনফুট (লম্বাফুট)
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সার, জ্বালানি তেল, ভোজ্যতেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।











