দুই জানাজায় স্মরণ, মা-বাবার পাশে সমাহিত শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুর

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে ফটিকছড়ির নানুপুর—দুই জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। আলেম-ওলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। পরে ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ নাসির উদ্দিন বাহাদুরকে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, জামিয়া ইসলামিয়া বায়তুল হুদার মহাপরিচালক আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
গত ১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন বাহাদুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, জামায়াতে ইসলামীর নেতারা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানানো এবং শোক প্রকাশ করায় সবার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির।
জানাজার আগে স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা বলেন, নাসির উদ্দিন বাহাদুর ছিলেন উদার ও মানবিক গুণাবলির অধিকারী। দানশীলতা, শিক্ষাবিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।











