চট্টগ্রাম-নাজিরহাট রুটের দুই জোড়া লোকাল ট্রেন হচ্ছে কমিউটার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম-নাজিরহাট রুটের দুই জোড়া লোকাল ট্রেন হচ্ছে কমিউটার

চট্টগ্রাম-নাজিরহাট রুটের দুই জোড়া লোকাল ট্রেন হচ্ছে কমিউটার
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ট্রেনগুলোর নাম পরিবর্তন করে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ রাখা হয়েছে। একই সঙ্গে সাতটি কোচের সমন্বয়ে একটি রেক গঠন করে ট্রেনগুলো পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপপরিচালক (টিটি) মো. মেহেদী হাসান।

রেলওয়ের চিঠিতে বলা হয়, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের লক্ষ্যে সাত কোচের একটি রেক গঠন করে পরিচালনার প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে। এতে আরও বলা হয়, ট্রেনগুলোর নতুন নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। এ অবস্থায় নির্ধারিত লোড অনুযায়ী রেক গঠন করে ট্রেনগুলো পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ের নির্ধারিত কম্পোজিশন অনুযায়ী, নতুন এই ট্রেনের রেকে থাকবে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ ভ্যান (এসএলআর) কোচ। সব মিলিয়ে প্রতিটি রেকে কোচের সংখ্যা হবে সাতটি।




দুই জানাজায় স্মরণ, মা-বাবার পাশে সমাহিত শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুর

দুই জানাজায় স্মরণ, মা-বাবার পাশে সমাহিত শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুর
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে ফটিকছড়ির নানুপুর—দুই জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। আলেম-ওলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। পরে ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ নাসির উদ্দিন বাহাদুরকে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, জামিয়া ইসলামিয়া বায়তুল হুদার মহাপরিচালক আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

গত ১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন বাহাদুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, জামায়াতে ইসলামীর নেতারা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানানো এবং শোক প্রকাশ করায় সবার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির।

জানাজার আগে স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা বলেন, নাসির উদ্দিন বাহাদুর ছিলেন উদার ও মানবিক গুণাবলির অধিকারী। দানশীলতা, শিক্ষাবিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।




ফটিকছড়িতে প্রতিশ্রুতি রক্ষায় মন্দির নির্মাণে অনুদান, বসছে সিসিটিভি ক্যামেরা

ফটিকছড়িতে প্রতিশ্রুতি রক্ষায় মন্দির নির্মাণে অনুদান, বসছে সিসিটিভি ক্যামেরা
ছবি সংগৃহীত।

দুর্গাপূজায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরের নির্মাণকাজে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন মন্দিরে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রোববার (১৫ নভেম্বর) দক্ষিণ রাঙ্গামাটিয়ার একটি মন্দিরে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া কচুয়ার পাড় এলাকার সর্বজনীন শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ ওঁকার মন্দির, শিব ও দুর্গা মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন মোহাম্মদ নুরু উদ্দিন নুরু। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য।

এ সময় নুরু উদ্দিন নুরু বলেন, ‘দুর্গাপূজার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করতেই আজ এখানে এসেছি। পর্যায়ক্রমে পৌরসভার অন্য মন্দিরগুলোতেও যাব এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমি দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে চাই। মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দির—যেখান থেকেই সহযোগিতার আহ্বান আসুক, নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করব। নিজের বৈধ উপার্জন থেকে এলাকার মানুষের সেবা করে যেতে চাই।’

মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, দুর্গাপূজার সময় নুরু উদ্দিন নুরু মন্দিরে এসে ২০ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পেয়ে তাঁরা আনন্দিত এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




ফটিকছড়িতে মহাসড়কে তরুণদের স্ট্যান্টবাজি; হুইলিং-রেসিংয়ে আতঙ্ক

ফটিকছড়িতে মহাসড়কে তরুণদের স্ট্যান্টবাজি; হুইলিং-রেসিংয়ে আতঙ্ক
ছবি সংগৃহীত।

মহাসড়কে চলছে মোটরসাইকেলের বিপজ্জনক কসরত। কখনো সামনের চাকা তুলে হুইলিং, কখনো পাল্লা দিয়ে রেসিং, আবার কখনো চলন্ত অবস্থায় ভিডিও ধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও লাইক পাওয়ার নেশায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে একদল উঠতি বয়সী তরুণের এমন কর্মকাণ্ডে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এ প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বিশেষ করে শুক্র ও শনিবারসহ বিভিন্ন ছুটির দিনে বিকেলবেলা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড বেশি দেখা যায়। স্থানীয় ও আশপাশের এলাকার একদল তরুণ মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতিতে রেসিং, একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা এবং চলন্ত অবস্থায় ভিডিও ধারণ করছেন।

শুধু স্ট্যান্টবাজি করেই থেমে থাকছেন না তাঁরা। এসব দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। কেউ মোটরসাইকেল চালানোর সময় নিজেই ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে এসব দৃশ্য ধারণ করছেন। ‘SA07’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত স্টান্টবাজির ভিডিও ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ব্যস্ত মহাসড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক যান চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকির পাশাপাশি একই ও বিপরীত দিক থেকে চলাচলকারী যানবাহনের যাত্রী এবং পথচারীরাও পড়ছেন বিপদের মুখে। স্টান্ট দেখতে সড়কের পাশে উৎসুক তরুণদের জটলা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দৌলত মিয়া বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে প্রশাসন ও হাইওয়ে পুলিশকে আরও কঠোর হতে হবে। কয়েকটি ভিউ ও লাইক পাওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের সচেতন করা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।’

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, ‘মহাসড়কে বাইকারদের ঝুঁকিপূর্ণ স্ট্যান্টবাজি ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। এ ধরনের কর্মকাণ্ডে শুধু চালক নন, অন্য যানবাহনের যাত্রী ও পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাই হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়িয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, ‘এসব কর্মকাণ্ডের কারণে শিশু ও সাধারণ পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শামছুজ্জামান বলেন, ‘মহাসড়কে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। উঠতি বয়সের কিছু তরুণ অভিভাবকদের অগোচরে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ ধরনের স্টান্ট করছে। এ ধরনের কর্মকাণ্ড মোটেও সমীচীন নয়। দুর্ঘটনা এড়াতে অভিভাবকদেরও তাঁদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো প্রয়োজন।’

তিনি আরও জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্টান্টবাজি বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।