ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর

ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর
ছবি সংগৃহীত।

পটিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাদু চৌধুরী জামে মসজিদে মুসল্লিদের হাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে ওয়ার্ডের ১০টি জুমার মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভুট্টো, বিশিষ্ট ব্যাংকার মোরশেদুল আলম, মসজিদের খতিব জিয়া উদ্দিন নঈমী, সমাজসেবক সুমন চৌধুরী, মোহাম্মদ রমজান, প্রবাসী মোহাম্মদ আলী, সরওয়ার হোসেন, আমানুল হক, মো. নুরু, মাওলানা মেহরাজ কাদেরী, মো. দেলোয়ার, মোহাম্মদ শাহজাহান, মো. এরফানসহ মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ‘ডেঙ্গু এখন জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য সতর্কবার্তা। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও সতর্ক থাকতে হবে।’

নুরুল আলম সওদাগর বলেন, ‘মানুষকে সচেতন করার লক্ষ্যেই পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১০টি জুমা মসজিদসহ ব্যবসায়ী, পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, প্রত্যেকে নিজের পরিবার, প্রতিবেশী ও আশপাশের মানুষকে সচেতন করবেন এবং স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত পটিয়া গড়ে তোলা সম্ভব।’

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।




বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার (১১ নভেম্বর) বোয়ালখালী থানা পুলিশ পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. মঈন উদ্দিন (৪৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী মারুফ ইসলাম (২০) এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী মো. এয়াকুব (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মঈন উদ্দিন পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বোয়ালখালী থানায় ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৬, ৩২৩ ও ৪৩৫ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মারুফ ইসলাম চরখিজিরপুর এলাকার এবং মো. এয়াকুব শ্রীপুর এলাকার বাসিন্দা। তাঁদের দুজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় ২০২৬ সালের ২১ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাক্ষরিত ১১ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।




চুনতি সরকারি মহিলা কলেজে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

চুনতি সরকারি মহিলা কলেজে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ
ছবি সংগৃহীত।

লোহাগাড়ার চুনতি সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে এ নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম।

তিনি বলেন, প্রভুত্ব করার জন্য আমাদের নিয়োগ দেওয়া হয়নি, সেবা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জীবনে আমরা যা কিছু করব, তা মহান আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করা উচিত। শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য।

চুনতি সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জাকেরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শরীফা আক্তার।

এ সময় কলেজের উচ্চমান সহকারী আজিজুল হকসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া সোলতানা রেমি ও জান্নাতুল নাঈম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত আবছার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানানো হয় এবং তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।




আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

আনোয়ারায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি সংগৃহীত।

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। আগুনে ব্যাংকের কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবেই দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তবে এ বিষয়ে তাঁরা সাংবাদিকদের কোনো তথ্য দিচ্ছেন না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যাংকের বারখাইন শাখার নিচতলায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, নিচতলার জানালার ভাঙা কাঁচ দিয়ে ককটেল ছুড়ে মেরে আগুন দেওয়া হতে পারে। দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটি ককটেল বিস্ফোরণ নাকি শুধু অগ্নিসংযোগ, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।