ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল, উদ্বোধনী দিনেও অব্যবস্থাপনার ছাপ

নানা বিতর্ক ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা ওঠে এই টুর্নামেন্টের। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরুর রেওয়াজ থাকলেও বিপিএলে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র; বিদেশ থেকে ট্রফি এসে না পৌঁছানোয় ট্রফি ছাড়াই মাঠে গড়িয়েছে খেলা।
ট্রফি জটিলতার কারণে টুর্নামেন্টের আগের দিন প্রথাগত ‘ক্যাপ্টেনস ডে’ বা অধিনায়কদের ফটোসেশনও আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানিকৃত ট্রফিটি সময়মতো কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় উদ্বোধনী দিনে তা মাঠে আনা সম্ভব হয়নি।
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এ ছাড়া শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও দর্শকরা। নিরাপত্তার কারণ দেখিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও প্রথম ম্যাচের পর ৪৫ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে বিসিবি, যেখানে ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে শিল্পীরা পারফর্ম করবেন।
এবারের আসর শুরুর আগে থেকেই মাঠের বাইরের নানা ইস্যুতে সমালোচনায় রয়েছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে বিসিবি নিজেরাই দলটির দায়িত্ব নেয়। অন্যদিকে, নবাগত ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন ছেড়ে গিয়েছিলেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরবর্তীতে বিসিবির মধ্যস্থতায় তারা পুনরায় দলে যোগ দেন।
সিলেট পর্বের উদ্বোধনী দিনে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও সিলেট। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ধারাভাষ্যকার হিসেবে এবারের আসরে ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ এবং রমিজ রাজার মতো তারকারা উপস্থিত থাকছেন।









