টেকনাফে ইয়াবাসহ উপজেলা আ.লীগের বহিষ্কৃত নেতা আটক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে ইয়াবাসহ উপজেলা আ.লীগের বহিষ্কৃত নেতা আটক

টেকনাফে ইয়াবাসহ উপজেলা আ.লীগের বহিষ্কৃত নেতা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ হাফিজ উল্লাহ (৬৬) নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড।

তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় কোস্টগার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফিজ উল্লাহকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবা ও আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সূত্র থেকে জানা গেছে, হাফিজ উল্লাহকে এর আগেও দুবার ইয়াবাসহ আটক করা হয়। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।




কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট
ছবি সংগৃহীত।

দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২৮ আগস্ট, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই রাতে শহরের বড় বাজারস্থ ফেডারেশনের কার্যালয়ে নির্বাচন কমিশনের বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী ও নির্বাচন কমিশনার সালাহ উদ্দিনের উপস্থিতিতে বিস্তারিত তফসিল ঘোষণা করেন অপর নির্বাচন কমিশনার সৈয়দ নজরুল ইসলাম।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৬ জুলাই, ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও অন্তর্ভুক্তি ২৭-২৮ জুলাই, আপত্তির ওপর শুনানি, অন্তর্ভুক্তি ও নিষ্পত্তি ৩১ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ আগস্ট, মনোনয়ন ফরম বিতরণ ৩-৪ আগস্ট, মনোনয়ন ফরম দাখিল ৫-৬ আগস্ট, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ৭ আগস্ট, বৈধ মনোনয়ন ঘোষণা ৯ আগস্ট, মনোনয়ন সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১০ আগস্ট, চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ ১০ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ আগস্ট এবং প্রতীক বরাদ্দ ১৪ আগস্ট। সর্বশেষ ২৮ আগস্ট, শুক্রবার বহুল কাঙ্ক্ষিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণাকালে ফেডারেশনের উপদেষ্টা আলহাজ রফিকুল হুদা চৌধুরী, আলহাজ ফরিদ আহমদ চৌধুরী, আলহাজ ফিরোজ আহমদ ওসমানী, জেবর মুল্লুক, শওকত ওসমান পেয়ারু, ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী।

যেকোনো প্রয়োজনে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে যোগাযোগ করতে ব্যবসায়ী ও ভোটারদের অনুরোধ করা হয়েছে।

সেই সাথে ঘোষিত তফসিলের সময়সূচি অনুসরণ করে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচনসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান থাকবে।




কক্সবাজার সদর, রামু ও চকরিয়ায় বন্যাকবলিত ১৫ শতাধিক পরিবারে লায়ন্স ইন্টারন্যাশনালের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজার সদর, রামু ও চকরিয়ায় বন্যাকবলিত ১৫ শতাধিক পরিবারে লায়ন্স ইন্টারন্যাশনালের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি সংগৃহীত।

কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত হতদরিদ্র ১৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল।

এর মধ্যে ডুলাহাজারা উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় ৬০০ পরিবার, রামু চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে প্রায় ৫০০ পরিবার, সদরের ছুরুতিয়া ফাজিল মাদ্রাসার মাঠে প্রায় ৩০০ পরিবার, শহরের টেকপাড়া বিএফডিসি মাঠে প্রায় ২০০ পরিবার ও কলাতলীতে প্রায় ১০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তারা পেয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিড়া, চিনি, ওরাল স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানিসহ প্রায় ৪০ মেট্রিকটন খাদ্যসামগ্রী।

২৫ জুলাই লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-এ১-এর উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে বন্যাকবলিত মানুষ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি এই মানবিক কর্মসূচির জন্য লায়ন্স ইন্টারন্যাশনালের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-এ১-এর জেলা গভর্নর লায়ন নওজাত শারওয়াত ইসলাম, প্রথম জেলা গভর্নর লায়ন আব্দুল হোসেন খন্দকার, দ্বিতীয় জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দিন, ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট ট্রেজারারসহ জেলা লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের এডমিন লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফারহান জান্নাত, ক্লাব পাস্ট প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, পাস্ট প্রেসিডেন্ট লায়ন শামসুদ্দিন ফারুকী, লায়ন দেলাওয়ার হোসেন সিআইপি ও লায়ন বেলাল উদ্দিন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের এডমিন লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন বলেন, “বন্যাকবলিত ১৫ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল। বন্যার শুরু থেকেই ব্যক্তিগতভাবে লায়ন্সের সদস্যরা ত্রাণসহায়তা দিয়েছে। যেকোনো দুর্যোগ ও মানবতার প্রয়োজনে আমরা সবসময়ই মানুষের পাশে থাকব।”




সিআইপিআরবির সচেতনতামূলক মহড়া: সমুদ্রের মৃত্যুর দুয়ার থেকে ফিরল ১ হাজার ৪৩ পর্যটক!

সিআইপিআরবির সচেতনতামূলক মহড়া: সমুদ্রের মৃত্যুর দুয়ার থেকে ফিরল ১ হাজার ৪৩ পর্যটক!
ছবি সংগৃহীত।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটক সমুদ্রে গোসল করতে নামেন। হাসি-আনন্দে ভরা সেই মুহূর্তের আড়ালেই লুকিয়ে থাকে সাগরের ভয়ংকর রিপ কারেন্ট বা স্রোতের ঝুঁকি। আর সেই ঝুঁকি থেকে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন লাইফগার্ড কর্মীরা।

২৫ জুলাই কক্সবাজারে পালন করা হয় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। শনিবার সকালে সমুদ্রসৈকতে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চের সামনে এই কর্মসূচির আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর সি-সেইফ প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র‍্যালি ও লাইফগার্ডদের উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী।

সমুদ্রে নামার আগে নির্দেশনা মেনে চললে পানিতে ডুবে মৃত্যু অনেকাংশে কমানো সম্ভব বলে জানিয়েছেন সি-সেইফের ফিন্যান্স অ্যান্ড এডমিন অফিসার হাফেজ আহমেদ।

সি-সেইফ লাইফগার্ড সূত্রে জানা গেছে, গত ১২ বছরে কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকত এলাকায় স্রোতের টানে ভেসে যাওয়া অন্তত ১ হাজার ৪৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন ২৭ জন লাইফগার্ড। একই সময়ে গুপ্তখাল ও সাগরের বিভিন্ন স্থান থেকে ৬৫ জনের মরদেহও উদ্ধার করতে হয়েছে তাঁদের।

পর্যটকরা বলছেন, অতিউৎসাহী হয়ে দিকনির্দেশনা না মানায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে; তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই দুর্ঘটনা কমানো সম্ভব।

পর্যটকদের নিরাপত্তায় সমুদ্রে নামার আগে লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাঁরা জানান, লাল পতাকা উড়লে কোনোভাবেই পানিতে নামা উচিত নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় গোসল করা থেকে বিরত থাকতে হবে এবং শিশুদের কখনো একা পানিতে যেতে দেওয়া যাবে না। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।