চকরিয়ায় ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও ৮২৫টি গুলি উদ্ধার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

চকরিয়ায় ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও ৮২৫টি গুলি উদ্ধার

চকরিয়ায় ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও ৮২৫টি গুলি উদ্ধার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে চকরিয়া থানাধীন বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম তলপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ডাকাতদলের সদস্যদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনালা বন্দুক, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, একটি দেশীয় শটগান, তাজা শটগানের ২ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসাসহ মোট ৮২৫টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সরঞ্জাম, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটনের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

এ ঘটনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। চকরিয়া থানা-পুলিশ জানায়, ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ক্বিরাত, আযান, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় জেলা শহরের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফাউন্ডেশন মিলনায়তনে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ ফজল করিম।

সিনিয়র ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অধিক হারে অংশগ্রহণ করার জন্য উপস্থিত প্রতিযোগীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপপরিচালক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রতিযোগীদের পাশাপাশি তাদের অভিভাবক ও ইফার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন

সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন
ছবি সংগৃহীত।

মহেশখালী উপজেলা ও কক্সবাজার জেলা দলের গোলরক্ষক এবং চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা গোলরক্ষক খেলোয়াড় সাজিবুল ইসলাম সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নিউ মার্কেটের সামনে চকরিয়া উপজেলা সর্বস্তরের খেলোয়াড় সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, সাবেক ফুটবলার, কোচ ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার মামুনুর রশিদ মামুন, কোচ জমির উদ্দিন, সাবেক উপজেলা ফুটবলার ও কোচ আবছার এবং জাতীয় রেফারি রমিজ উদ্দিনসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সাজিবুল ইসলাম সাঈদী চকরিয়া-মহেশখালীসহ কক্সবাজারের ক্রীড়াঙ্গনের একজন পরিচিত ও প্রতিভাবান খেলোয়াড়। তার ওপর বর্বর হামলার ঘটনায় ক্রীড়াঙ্গনের মানুষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।




নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার ইয়াবাসহ একজন আটক

নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার ইয়াবাসহ একজন আটক
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে। আটক ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক পরিমাণ ৬০ হাজার পিস। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আটক জসিম উদ্দিন ও উদ্ধার করা ইয়াবা নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মাদকের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।