কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সাতকানিয়ায় সচেতনতামূলক সভা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সাতকানিয়ায় সচেতনতামূলক সভা

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সাতকানিয়ায় সচেতনতামূলক সভা
ছবি সংগৃহীত।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ও ফুলতলা বাজার স্টেশন প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ বলেন, “কিশোর অপরাধ ও ইভটিজিং কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ ও কিশোর সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি রুখতে উপজেলা প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। যেকোনো মূল্যে আমাদের সন্তানদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে।”

প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনো অপরাধচক্রে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে। কিশোর গ্যাং বা মাদক ব্যবসার সাথে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” এ সময় অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “ইভটিজিং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্কুলের সামনে বা যাতায়াতের পথে কেউ ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তাঁর নম্বরে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো সমস্যায় সরাসরি থানা-পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। এতে আরও বক্তব্য দেন অভিভাবক সদস্য আবুল কালামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‍্যালি ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।




আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফজ প্রতিযোগিতা সম্পন্ন

আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফজ প্রতিযোগিতা সম্পন্ন
ছবি সংগৃহীত।

আনোয়ারায় বেসরকারি হাফেজিয়া মাদ্রাসা নিয়ে গঠিত আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের আয়োজনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩১তম এবং আনোয়ারা উপজেলা শাখার ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত উপজেলার বৈরাগ আমানউল্লাহ পাড়া হযরত ওমর বিন খাত্তাব (রা.) তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ১০ জন বিচারকের মাধ্যমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলাম ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা শাখার অর্থ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মিজানুর রহমান আনোয়ারী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন, তানজিমুল কুররা বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ক্বারী সাইফুল্লাহ, বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মুছা তালুকদার, স্থানীয় ব্যবসায়ী ও মসজিদের মোতোয়াল্লী হাজী আবুল কালাম সওদাগর, ব্যবসায়ী এম এ সবুর হাসান।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ। প্রতিযোগিতার সমন্বয়ক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য হাফেজ মাওলানা আবদুল মজিদ।

প্রতিযোগিতায় ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫ পারায় ১৫ জন, ১০ পারায় ১৫ জন, ২০ পারায় ১০ জন এবং ৩০ পারায় ৭ জনসহ মোট ৪৭ জন বিজয়ী হয়।

বিজয়ীদের নগদ অর্থ, সম্মাননা স্মারক, ক্রেস্ট, সনদ ও জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য 'ইয়েস কার্ড' প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ক্বারী মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, সহ-সভাপতি হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী, হাফেজ এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক হাফেজ মহিউদ্দীন মনজুর, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল আজিজ ফয়সাল, হাফেজ জামাল উদ্দীন, হাফেজ দিদার আহমেদ, হাফেজ শিহাব উদ্দীন, হাফেজ মাইনুদ্দিন, হাফেজ ক্বারী মিজানুর রহমান, হাফেজ মাওলানা নেজাম উদ্দীন তালুকদার, হাফেজ মোহাম্মদ আরিফ উদ্দিন ও হাফেজ মোহাম্মদ জামাল উদ্দীন আজিজ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সব পর্যায়ের হুফফাজে কেরাম ও কুরআনের হাফেজদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় সতর্কতামূলক লিফলেট বিতরণ

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় সতর্কতামূলক লিফলেট বিতরণ
ছবি সংগৃহীত।

লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটায় আগুন না দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ব্যবহার না করার বিষয়ে সতর্ক করতে সচেতনতামূলক লিফলেট করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইটভাটায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইটভাটার মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত বলেন,  উপ-পরিচালকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা, বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনি বিশিষ্ট ইটভাটায় আগুন দেওয়া থেকে বিরত থাকতে আগাম সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং কৃষিজমির উর্বর মাটির সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 




পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন

পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন
ছবি সংগৃহীত।

পটিয়া উপজেলায় চিকিৎসাসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পটিয়া উপজেলার সাধারণ মানুষ যাতে সহজে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং রোগীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারির মাধ্যমে পটিয়ার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের আস্থা বাড়বে।