এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প
ছবি সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের বাণিজ্যিক জাহাজগুলো যদি ইরানি হামলার হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে ‘এই মুহূর্তেই’ ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্টের মিত্র এবং তাদের জাহাজগুলোকে হুমকির মধ্যে রেখেছে এবং এই হুমকির অবসানে শক্তি প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো দ্বিধা করবেন কি না।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেবো—এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।”

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “গত পাঁচ মাসে আমাদের একজন সেনাও প্রাণ হারাননি। পারস্য উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে—পুরোপুরি নিয়ন্ত্রণ।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে আরও ২৬ মাস ক্ষমতায় থাকছেন তিনি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে যদি ২৬ মাস সময়ও লাগে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখবে কি না।

জবাবে তিনি বলেন, “দেখুন, শাসনব্যবস্থাটি এমনিতেই ভেঙে পড়ছে। তাদের গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা।”

“সেখানে মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৩০১ শতাংশ। তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তারা সৈন্যদের বেতন দিতে পারছে না। তাদের সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে; নৌবাহিনী ও বিমানবাহিনী—সবই শেষ।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে  প্রশ্ন করা হয়েছিল, তিনি যখন দায়িত্ব থেকে সরে যাবেন, তখনও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকে, তবে কি তা তাঁর প্রেসিডেন্সির জন্য পরাজয় হিসেবে গণ্য হবে?

প্রশ্নটি ছিল, “আপনি যখন দায়িত্ব ছাড়বেন, তখনও যদি ইরানের উন্মাদ শাসকরা ক্ষমতায় থাকে, তবে কি সেটি আপনার পরাজয় হবে? নাকি এমন কিছু যা তিন বছরে অর্জন করা সম্ভব নয়?”

"হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে”, উত্তরে বলেছেন ট্রাম্প।

ঘটনাচক্রে বৃহস্পতিবার সালেম নিউজে ট্রাম্প যখন এই সাক্ষাৎকার দিয়েছেন, তার কয়েক ঘণ্টার পরেই শুক্রবার ভোরের দিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবারের হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভেঙেছে আইআরজিসি।

সূত্র : আনাদোলু এজেন্সি




যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানায়নি রুশ মন্ত্রণালয়।

জ্যৈষ্ঠ এ কূটনীতিক পশ্চিমাদের প্রকাশ্য নিন্দা করতেন। ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। তাকে দায়িত্ব দেওয়ার লক্ষ্য ছিল মার্কিনিদের সঙ্গে আবারও সম্পর্ক পুনর্স্থাপন করা।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ায় দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটে। অপরদিকে মার্কিনিরা এ হামলার জন্য রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের আগে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এরপর মাঝে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগ সামলেছেন তিনি।

সূত্র: সিএনএন




মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান

মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান
ছবি সংগৃহীত।

নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এরফলে এখন থেকে যেসব মিসাইল তৈরি করা হবে সেগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার থেকে বেশি থাকবে।

বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি আজ শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তার কাছ থেকে এমন ঘোষণা আসল যখন সুপ্রিম লিডার মোজতবা খামেনি কয়েকদিন আগে জানান, ইরানের ওপর নতুন করে যদি কোনো হামলা হয় তাহলে তাদের পাল্টা হামলা হবে ভৌগলিক সীমাবদ্ধতার বাইরে। অর্থাৎ হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মানা হবে না।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন, মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে এটি করে দেখাবে।

ইরানের কাছে এখনই দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল আছে কি না বা অতীতে ছিল কি না সেটি স্পষ্ট করেননি তিনি।

বর্তমানে যে দুই হাজার কিলোমিটার রেঞ্জের সীমাবদ্ধতা সেটির আওতায় রয়েছে ইউরোপের গ্রিস ও বালকান অঞ্চলের কিছু অংশ। পুরো আরব উপত্যকা এবং মিসরের বেশির ভাগ অংশ। অর্থাৎ ইরান তাদের মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় পুরোটাতেই হামলা চালাতে পারবে। এ রেঞ্জ যদি বৃদ্ধি করা হয় তাহলে তাদের মিসাইলের আওতায় চলে আসবে অন্যান্য দেশগুলোও।

চলতি বছরের মার্চে ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যা ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে। রেঞ্জেরও বাইরের অঞ্চলে মিসাইল নিক্ষেপ করায় ওই সময় প্রশ্ন উঠেছিল, ইরান কি তাহলে আরও বেশি দূরত্বে আঘাত হানার সক্ষম মিসাইল তৈরি করেছে কি না। যদিও দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া তাদের দুটি মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শঙ্কা, ইরান তাদের মহাকাশ পোগ্রামকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে।

সূত্র: এপি




ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত।

ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম এবং ব্যক্তিবর্গ (বিশেষ করে পরমাণু বিজ্ঞানী) সম্পর্কে যুক্তরাষ্ট্রকে কেউ তথ্য দিলে সেই তথ্যদাতাকে পুরস্কার হিসেবে ২ কোটি ডলার দেবে ওয়াশিংটন। পাশাপাশি, সেই তথ্যদাতাকে ‘নিরাপদ স্থানান্তরের’ সুযোগও দেওয়া হবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য। এক্সবার্তায় সেন্টকোম বলেছে. “ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের (যেমন—বিজ্ঞানীদের) বিষয়ে তথ্য প্রদানকারীকে ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ও নিরাপদ স্থানান্তরের সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (ন্যায়বিচারের জন্য পুরস্কার) কর্মসূচির আওতায় প্রদান করা হবে এই পুরস্কার ও পুনর্বাসনের সুযোগ।”

পৃথক এক বিবৃতিতে একই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের বিবৃতিতে পুরস্কার ও স্থানান্তরের তথ্য প্রদানের পাশাপাশি আরও বলা হয়েছে, “জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) নিরাপত্তা বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলার ক্ষেত্রে ইরানের ব্যর্থতার ফলে, সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উৎপাদন ও মজুত সম্পর্কে সংস্থাটির কাছে থাকা তথ্যের ধারাবাহিকতা (কন্টিনিউটি অব নলেজ) বজায় রাখা সম্ভব হয়নি।”

১৯৮৪ সালে জাতীয় নিরাপত্তা বিষয়ক পুরস্কার কর্মসূচির অংশ হিসেবে ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ চালু করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ এই কর্মসূচির  উদ্দেশ্য হলো—এমন তথ্যের বিনিময়ে অর্থ প্রদান করা, যা মার্কিনিদের জীবন ও স্বার্থ রক্ষায় সহায়তা করে।

এদিকে গতকাল শুক্রবার যেদিন সেন্টকম এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইরানের পরমাণু কর্মসূচির বিনিময়ে পুরস্কার ও পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে, সেদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানের জন্য ওয়াশিংটন তেহরোনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য ইরান ‘মরিয়া’ হয়ে আছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “মার্কিন বাহিনী কার্যকরভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। আমরা যদি ইরানে আঘাত না করতাম, তবে আজ ইসরায়েল টিকে থাকত না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত “

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর গত আট মাসে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, “আট মাস ধরে চলা এ যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই সংঘাতের অবসান ঘটাতে আগ্রহী। আমরা এখন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছি। তারা খুব মরিয়া হয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায়।”

গত ০৩ নভেম্বর (মঙ্গলবার) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তার সরকার এখনও আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তার আগে ১ নভেম্বর, অর্থাৎ চলতি মাসের প্রথম দিন ট্রাম্প বলেছিলেন, তাকে এখনও এক বা দুটি লক্ষ্যবস্তুর ব্যাপারে ‘ব্যবস্থা নিতে’ হবে—যার মধ্যে রয়েছে মধ্য ইরানে অবস্থিত তথাকথিত 'পিকাক্স পর্বত' । এটি একটি সম্ভাব্য পারমাণবিক স্থাপনা বলে ধারণা করা হচ্ছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে।

সূত্র : এএফপি, এনডিটিভি