উৎসবের আমেজে লোহাগাড়ার ৬৭ কেন্দ্রে ভোট গ্রহণ

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে লোহাগাড়া উপজেলার ৬৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সরজমিন পরিদর্শনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতিও চোখে পড়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর টহল টিম মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছেন।
প্রিজাইডিং কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
ভোটাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। তারা আশা করছেন, দিনব্যাপী এই পরিবেশ বজায় থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, লোহাগাড়ায় মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। এরপর কেন্দ্রেই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।








