উত্তর ফটিকছড়িতে ইসলামের ছায়াতলে নারী-শিশুসহ চাকমা পরিবার

পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের বার্মাছড়ি এলাকার নারী ও শিশুসহ চার জন চাকমা ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) উত্তর ফটিকছড়ির ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়ার জামে মসজিদে দাঈ ও সমাজসেবক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর হাতে কালেমা পাঠের মাধ্যমে তাঁরা ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন নাম রাখা হয়—শিমুল কান্তি চাকমার নাম মোহাম্মদ ইউসুফ, জীবন চাকমার নাম মোহাম্মদ, মিনা চাকমার নাম আয়েশা এবং শিশু সুদত্ত চাকমার নাম আবদুল্লাহ।
ইসলাম গ্রহণকারী শিমুল কান্তি চাকমা ওরফে মোহাম্মদ ইউসুফের পিতা ধনঞ্জয় চাকমা এবং মাতা ভানুপতি চাকমা। মিনা চাকমা ওরফে আয়েশা তাঁর স্ত্রী। তাঁর পিতার নাম রবি শান্তি এবং মাতার নাম গুরিমালা চাকমা। তাঁদের বাড়ি বার্মাছড়ি এলাকায়। শিশু সুদত্ত চাকমা ওরফে আবদুল্লাহর পিতা শিমুল কান্তি চাকমা ওরফে মোহাম্মদ ইউসুফ।
অপর ইসলাম গ্রহণকারী জীবন চাকমা ওরফে মোহাম্মদের পিতা বরত চাকমা এবং মাতা ছকি চাকমা।
তাঁরা পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের বার্মাছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব হাসান ও রিপনের উদ্যোগে এবং সহযোগিতায় তাঁরা ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানার পর ইসলাম গ্রহণে আগ্রহী হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাহেদুল্লাহ বিন হাজি ইউনুস, মুফতি মিজানুর রহমান ইসলামাবাদী, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা আইয়ুব, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা আজগর সালেহী, মাওলানা নুরুল আবছার ও কারি নাসির উদ্দীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলাম গ্রহণকারীদের নতুন জীবনের জন্য দোয়া করা হয়।











