আমি ঋণখেলাপি নই, ষড়যন্ত্রের শিকার: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে তাঁকে রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে ‘ঋণখেলাপি’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি সদর বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত এই সভায় সরওয়ার আলমগীর বলেন, “আমি একজন ব্যবসায়ী। বিগত স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমার ব্যবসা ধ্বংসের চেষ্টা করা হয়েছে। এর ফলে শ্রমিকদের বেতন ও গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সাময়িক বিঘ্ন ঘটেছে। ব্যাংকে আমার ঋণ রয়েছে, কিন্তু আমি কোনোভাবেই ঋণখেলাপি নই।”
আদালতকেন্দ্রিক জটিলতা নিয়ে বিএনপির এই প্রার্থী অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে তাঁকে ঋণখেলাপি আখ্যা দিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে। এটি স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা এবং নির্বাচন থেকে সরানোর কৌশল। তিনি দাবি করেন, প্রতিপক্ষ ভোটের মাঠে জিততে পারবে না জেনেই উচ্চ আদালতে গিয়ে তাঁকে অযোগ্য ঘোষণার মরিয়া চেষ্টা চালাচ্ছে।
ফটিকছড়ির ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি গাউছুল আজম মাইজভান্ডারী ও হেফাজত আমিরের এলাকা। এখানকার মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায়, তাদের আগামী ১২ তারিখ গণতান্ত্রিকভাবে প্রতিহত করা হবে।”
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সরওয়ার আলমগীর বলেন, কঠিন সময়ে তৃণমূলের যে সমর্থন তিনি পেয়েছেন, তা অতুলনীয়। এ সময় দলের স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









