আনোয়ারায় বসতঘর ও গোয়ালঘর গুঁড়িয়ে দিল বন্য হাতি

আনোয়ারায় দেয়াং পাহাড়ে অবস্থানরত একদল বন্য হাতি লোকালয়ে নেমে এসে কৃষকের ৩টি গোয়ালঘর ও একটি বসতঘর গুঁড়িয়ে দিয়েছে। এ সময় বিভিন্ন ফসলাদি নষ্টসহ গ্রামে তাণ্ডব চালিয়ে ভোরে ফিরে যায় হাতির দলটি।
রবিবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক মাহমুদুল্লাহপাড়ায় এ ভাঙচুর চালানো হয়। এ সময় হাতির দলটি মাহমুদুল্লাহপাড়ার মো. ওসমান গনির বসতঘর এবং মো. শাহ আলম, মো. আবুল কালাম ও মো. লিটনের তিনটি গোয়ালঘর ভাঙচুর করে। এ ছাড়া ফলজ ও কাঠজাতীয় নারকেল, কাঁঠাল ও সুপারিগাছসহ নানা ফসলি গাছ উপড়ে ফেলে।
ক্ষতিগ্রস্ত মো. ওসমান গনি বলেন, “রাত ১টার দিকে ২টি হাতি হঠাৎ আমার বাড়িতে এসে ঘরের দেয়াল ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে। পরে উঠানের ফসলি গাছগুলো উপড়ে ফেলে। এতে আমার লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত হাতি আমার বাড়িতে ৫ বার তাণ্ডব চালিয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “হাতি তাড়ানোর জন্য বনবিভাগের ওয়াইল্ডলাইফ স্কাউট দল থাকলেও তারা মাঠে থাকে না।”
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর ধরে বাঁশখালী পাহাড় থেকে বন্য হাতির দলটি আনোয়ারা দেয়াং পাহাড়ে এসে জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। তিন মাস আগে তারা ফিরে গিয়েছিল; এতদিন আনোয়ারা ও কর্ণফুলী—এই দুই উপজেলার মানুষ শান্তিতে ছিল। কিন্তু গত সপ্তাহে আবারও হাতির দলটি ফিরে এসে তাণ্ডব শুরু করেছে। বনবিভাগের ওয়াইল্ডলাইফ স্কাউট দলের লোকজন থাকলেও হাতি এলে তাদের তেমন দেখা যায় না।
এ বিষয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হক বলেন, “বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”











