নগরীর সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৫০ পান মিফতাহুল জান্নাত (২১)। স্নাতকে ভর্তির জন্য একই কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন তিনি। বের হওয়ার পর উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক লাইফ সাপোর্টে পাঠান। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (২৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান মিফতাহুল জান্নাত।
মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়ির নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।
এর আগে গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
মিফতাহুল জান্নাতের মামা হারুনুর রশিদ জানান, মিফতাহুল জান্নাত নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি ঘর থেকে বের হন। সড়ক পারাপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে আমার ভাগনি মারা যায়।
তিনি আরও বলেন, আমার ভাগনি সাত দিন লাইফ সাপোর্টে ছিল, কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একবারও খোঁজ নেয়নি। হাসপাতালে আমাদের সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। ভাগনির বাবাও নেই। আজ সোমবার আসরের নামাজের পর নিজবাড়ি পটিয়ায় জানাজা শেষে বাবার পাশে তাকে দাফন করা হবে।
এদিকে পিতৃহীন মিফতাহুল জান্নাতকে হারিয়ে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মা রিজিয়া বেগমের কান্না থামছেই না; তাঁকে সান্ত্বনা দিতে পারছেন না কেউ। বারবার মেয়ের কথা বলে জ্ঞান হারাচ্ছেন তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর আহতের পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।