কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির মতবিনিময় ও পরামর্শ সভা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির মতবিনিময় ও পরামর্শ সভা

কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির মতবিনিময় ও পরামর্শ সভা
ছবি সংগৃহীত।

কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকাভিত্তিক কর্মীদেরকে নিয়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর রাতে শহরের বড়বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির বর্তমান অবস্থা পর্যালোচনাপূর্বক আগামী নির্বাচন সম্পন্নকরণে করণীয়, সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে সদস্যবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জেবর মুল্লুক। তিনি সমিতির ইতিহাস-ঐতিহ্য, কঠিন সময়ে সাধারণ সদস্য ও নেতৃবৃন্দের ভূমিকা এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সমিতির সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিনিয়র সদস্য আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সহসভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সম্মানিত সদস্য খালেদ ওমর রানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, মোহাম্মদ রাসেল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আলমগীর, রফিকুল কাদের, ফরিদুল আলম, তৈয়ব উল্লাহ, আব্দুল খালেক প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন
মাওলানা কারী ইলিয়াছ।

আসন্ন নির্বাচন সফল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন, সমিতির কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ লোকমান সওদাগর, শাহ আলম, শহিদুল ইসলাম, আহমদ কবির, সম্মানিত সদস্য আক্তার কামাল, হারুনর রশীদ, মোবারক হোসাইন, জহিরুল ইসলাম টিপু, কুতুব উদ্দীন, ইকবাল গনি, শাহেদুল ইসলাম, আবু ছালেক, আইয়ুব আালী, মোহাম্মদ ফরিদুল আলম, ছৈয়দ হোসাইন, দিদারুল কবির প্রমুখ। সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। 
সভায় মনোমুগ্ধকর না'তে রাসুল (সঃ) পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী মোঃ গিয়াস উদ্দিন রোকন।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সিনিয়র সদস্য মোঃ নুরুল আমিন।




রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি

রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা ও রাজারকুল সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে জরুরি ভিত্তিতে ব্যারিয়ার স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় দক্ষিণ মিঠাছড়ির সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

সম্প্রতি ওই অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যারিয়ার স্থাপন ও সার্বক্ষণিক গেটম্যান নিয়োগের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




ক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

ক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া সুলতানা মারা যান। তিনি ওই দুর্ঘটনায় নিহত সাজ্জাদ হোছাইন রুবেলের স্ত্রী।

এর আগে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল। একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।




রামুর প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ নভেম্বর

রামুর প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ নভেম্বর
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রজ্ঞামিত্র বনবিহারে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।

আয়োজকরা জানান, ২৪ নভেম্বর ২০২৬ (৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ) মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে এ বছরের সর্বশেষ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও ‘শাসনরত্ন’ উপাধিতে ভূষিত রাঙ্গুনিয়া কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাথের।

দিনব্যাপী এই দানানুষ্ঠানে দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুসংঘ, ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুণ্যার্থী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথের। তিনি জানান, মৈত্রীপ্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরর ১৯তম প্রয়াণ দিবস এবং বাগ্মীপ্রবর প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথেরসহ এলাকার পরলোকগত জ্ঞাতিগণের শান্তি ও সদগতি কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হয়েছে।

প্রজ্ঞামিত্র বনবিহার সেবা কমিটির উপদেষ্টা ও সমাজপতি বাবুল বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া এবং যুব সমাজের প্রতিনিধি কীর্তনিয়া দয়াল বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এ মহতী ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও সর্বস্তরের মানুষের মৈত্রীময় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।