আনোয়ারায় দোকানের ওপর উঠে গেল বাঁশখালী সুপার সার্ভিসের বাস

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ফলের দোকান লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দোকান মালিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’-এর একটি দ্রুতগামী বাস বরুমচড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। দুর্ঘটনার মাত্র এক মিনিট আগে দোকান মালিক কাজকর্মে বাইরে যাওয়ায় বড় ধরনের হতাহত থেকে রক্ষা পান। তবে বাসের চাপে নিচে থাকা অটোরিকশাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন অভিযোগ করে বলেন, "এই রুটে চলাচলকারী বাঁশখালী সুপার সার্ভিসের বাসগুলো অত্যন্ত পুরোনো ও জরাজীর্ণ। লক্কড়-ঝক্কড় এই গাড়িগুলোর যান্ত্রিক ত্রুটি ও ব্রেক ফেইল হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। মালিকপক্ষ প্রয়োজনীয় সংস্কার না করায় সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ছে।"
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







