সবুজ ফটিকছড়ি গড়তে একদিনে ৭ হাজার গাছ রোপণের উদ্যোগ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সবুজ ফটিকছড়ি গড়তে একদিনে ৭ হাজার গাছ রোপণের উদ্যোগ

সবুজ ফটিকছড়ি গড়তে একদিনে ৭ হাজার গাছ রোপণের উদ্যোগ
ছবি সংগৃহীত।

‘সবুজে সাজবে ফটিকছড়ি’—এই প্রত্যয়ে একদিনে সাত হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে ফলজ, বনজ, ওষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির এসব চারা রোপণ করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির দুই উপজেলায় রোপণ করা হবে সাত হাজার চারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মধ্যবর্তী এলাকায় উৎসব ক্লাবের পাশে কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। উদ্বোধনের পর দুই উপজেলার ১০টি স্থানে একযোগে চারা রোপণ করা হবে।

কর্মসূচিতে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, মেহগনি, গর্জন, আমলকী, হরিতকী, জারুল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার সবুজায়নে ভূমিকা রাখবে বলে আশা করছে প্রশাসন।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।” তিনি আরও বলেন, “শুধু গাছের চারা রোপণ করেই দায়িত্ব শেষ নয়, সেগুলো বাঁচিয়ে রাখাও গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে চারা রোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে ফটিকছড়িতে সবুজ পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”