হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ
ছবি সংগৃহীত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

প্রতিমন্ত্রী ব‌লেন, তার (‌শেখ হা‌সিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।

তি‌নি ব‌লেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।

শামা ওবা‌য়েদ ব‌লেন, এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

শেখ হা‌সিনা‌কে গ্রেপ্তার করার ম‌তো সক্ষমতা দি‌ল্লির বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের আছে কিনা জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী ব‌লেন, উনি কোথায় আছে সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উ‌নি পা‌লি‌য়ে যাওয়ার পর থে‌কে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় কি যাবেন না যাবেন ইটস ইমেটেরিয়াল।

তি‌নি ব‌লেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে সেখা‌নে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা এই বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যেই সাজাপ্রাপ্ত যারা আসামিরা লুকিয়ে আছে বিভিন্ন দেশে ভারতসহ তাদের সবাইকে এই প্রত্যর্পণ চু‌ক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।

তি‌নি আরও ব‌লেন, তারপরেও এই যে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ ডিসেম্বর ১৭ ডিসেম্বর; ভাই আসুক না, তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে, উনি নেতাকর্মীদেরকে বিপ‌দে ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, নেতা আছে তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।

প্রতিমন্ত্রী ব‌লেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অবস্থান স্পষ্ট। উনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।

শেখ হাসিনা পাসপোর্ট এবং এনআইডির আবেদন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তা‌কে পাস‌পোর্ট, এনআইডি বা অন্য কিছু দে‌বে না। এটা তো সং‌বিধা‌নে আছে। সুতরাং এটার ব্যত্যয় হ‌বে না।




শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর
ছবি সংগৃহীত।

বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার (শেখ হাসিনা) মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে তারা কিছু করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সেটি কূটনৈতিক চ্যানেলে বলতে হবে। তবে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দলের নেতাকর্মীরা যে খুনি, তারা তা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছেন।

আমিনুল ইসলাম বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হবে।

দল হিসেবে আওয়ামী লীগের তদন্তের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে সময়মতো জানানো যাবে।




শেখ হা‌সিনার ফেরার প্রশ্নে হুমায়ুন ক‌বির

প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না

প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না
ছবি সংগৃহীত।

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শে‌ষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দে‌শে ফেরা নিয়ে এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত‌্যাশা দুই জিনিস। আপনা‌কে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝ‌তে হ‌বে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খা‌টে ঘুমাইয়া দুঃস্বপ্ন দে‌খে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।

তি‌নি ব‌লেন, তিনি (‌শেখ হা‌সিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (‌শেখ হা‌সিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বল‌তে আওয়ামী লীগ‌কে বো‌ঝে উ‌ল্লেখ ক‌রে প্রতিমন্ত্রী ব‌লেন, সন্ত্রাসী তো একজনই। সন্ত্রাসী তো আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বল‌তে তা‌দের বো‌ঝে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দি‌ল্লি। তো এটা তো সবাই জানে। এটা তো রকেট সায়েন্স না। সন্ত্রাস তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে কারা।

জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে প‌রিণত হয়ে‌ছে মন্তব‌্য ক‌রে হুমায়ুন ক‌বির ব‌লেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে । মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌঁড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাবার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে হুমায়ুন কবির বলেন, সরকার আত্মবিশ্বাসী। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে-কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ
ছবি সংগৃহীত।

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।

ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলে আশা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১৪ শ মানুষ নিহত হন।

পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে।

রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত বন্দিবিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’

এরইমধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমেছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে দলটি চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে, যার শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ডজনখানেক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ।  এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এই সহিংসতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরও বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস করবে না। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’

রোহিঙ্গা রায়

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো হত্যা ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ঢাকা।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়ের সমালোচনা করে মিয়ানমার বলেছে, কেবল ‘পরিস্থিতি অনুকূলে এলেই’ রোহিঙ্গারা ফিরতে পারবে।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘এখন এই রায় আমাদের অর্থাৎ বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে।’ তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ‘মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে’ নিজ দেশে ফেরার অধিকার রয়েছে।

দফায় দফায় প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আরও জোরালো আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’