সীতাকুণ্ডে রাতে ঘুরে ঘুরে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

চট্টগ্রামের সীতাকুণ্ডে তীব্র শীতে অসহায় হয়ে পড়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। গত সোমবার গভীর রাতে তিনি উপজেলার বিভিন্ন রাস্তা ও ফুটপাতে অবস্থান করা শীতার্ত মানুষের মাঝে সরকারি শীতবস্ত্র বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায়, মধ্যরাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে কনকনে শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষের হাতে সরাসরি কম্বল পৌঁছে দিচ্ছেন তিনি। হঠাৎ করে সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে কাছে পেয়ে এবং তাৎক্ষণিক সহায়তা পেয়ে আপ্লুত হন সুবিধাভোগীরা।
উপকারভোগী ছিন্নমূল এক ব্যক্তি জানান, "এ বছর শীতের তীব্রতা বেশি হওয়ায় খুব কষ্টে ছিলাম। রাতের বেলা হঠাৎ একজন এসে কম্বল দিয়ে গেছেন। প্রথমে চিনতে না পারলেও পরে জেনেছি তিনি সরকারি বড় কর্মকর্তা।"
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, “তীব্র শীতে সহায়-সম্বলহীন মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। জনগণের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। রাষ্ট্রের বরাদ্দকৃত কম্বলগুলো যেন প্রকৃত শীতার্তদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতেই সরাসরি মাঠে নেমেছি। এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া।”








