সীতাকুণ্ডে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুরসালিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এই অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডের এই সিদ্ধান্তের ফলে সীতাকুণ্ডের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, "তৃণমূলের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। আমরা সাধারণ কর্মীদের আবেগ ও দাবির সাথে একাত্মতা পোষণ করায় সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলাম। আমাদের অবস্থান সঠিক ও ন্যায়ের পক্ষে ছিল বলেই দল আমাদের হারানো সম্মান ও পদ ফিরিয়ে দিয়েছে।"
এদিকে, দুই শীর্ষ নেতার পদ ফিরে পাওয়ার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারা এই সিদ্ধান্তকে দলের অভ্যন্তরীণ বিভাজন দূর করার একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।








