সাতকানিয়ায় সংখ্যালঘু পরিবারের পুকুরের মাছ লুট ও গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া চিতামুড়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট এবং পুকুরপাড়ের ফলজ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগটি করেছেন গ্রামের বাসিন্দা মোহন দাস ধোপার ছেলে তপন দাস। তাঁর দাবি, তাঁদের পূর্বপুরুষেরা দীর্ঘ কয়েক শ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। বাড়ির দক্ষিণ পাশে তাঁদের অংশীদারত্বের একটি পুকুর ও গাছবাগান রয়েছে। পুকুরের মালিকানা ও ভোগদখল নিয়ে অংশীদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তপন দাসের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা পুকুরের পাড় কেটে পানি বের করে দেন। পরদিন সকালে পুকুরে জাল ফেলে অবশিষ্ট মাছ ধরে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া পুকুরের চারপাশে থাকা প্রায় ৪০ থেকে ৫০টি ফলজ ও বনজ গাছ দা-কুড়াল দিয়ে কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
তপন দাস আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় মো. ইকবাল, মো. মোরশেদ ও মো. জাকিরসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন তপন দাস।
তিনি বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।










