সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযান, ১১ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকার একটি বসতি থেকে তাদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াইশ ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ক্যাম্প ছেড়ে অবৈধভাবে অবস্থান করা ১১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গাদের নির্ধারিত ক্যাম্পের বাইরে অবস্থান করার সুযোগ নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি চলছে। যারা অবৈধভাবে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।”
সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কম মজুরিতে কাজ করানোর সুযোগে কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, যা স্থানীয় শ্রমবাজার ও নিরাপত্তার জন্য হুমকি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিচয় গোপন করে রোহিঙ্গারা যেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য সাতকানিয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।






