সাতকানিয়া কলেজ রোডে ভোগান্তি চরমে: সড়ক ও সেতু নির্মাণে জনদুর্ভোগ

সাতকানিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কলেজ রোড’-এর উন্নয়ন, সড়ক সম্প্রসারণ ও সেতু নির্মাণকাজ চলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও এলাকাবাসী। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ঢিমেতালে চলায় এবং সড়কের বিভিন্ন স্থানে বিশাল গর্ত তৈরি হওয়ায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন স্বাভাবিক গতিতে চলতে গিয়ে নাভিশ্বাস উঠেছে।
বিশেষ করে নাপিতচর এলাকা থেকে কেরানিহাট সড়ক (রাস্তার মাথা) পর্যন্ত যাতায়াতব্যবস্থা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। মূল রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ রুটে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ করুণ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এবং মসজিদের সাহানের সামনে এমন দৃশ্যমান দুর্ভোগ ও রাস্তার বিশাল গর্ত দেখেও জনপ্রতিনিধিরা যেন নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "উন্নয়নকাজের জন্য সাময়িক কষ্ট আমরা মেনে নিতে রাজি, কিন্তু কোনো নিরাপত্তা বা বিকল্প সুব্যবস্থা না রেখে এভাবে রাস্তা খুঁড়ে ফেলে রাখা দায়িত্বহীনতা। নাপিতচর থেকে কেরানিহাট যাওয়া এখন চরম কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।"
এলাকাবাসীর আকুল আবেদন, সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে অনতিবিলম্বে কলেজ রোডের নির্মাণকাজ দ্রুত শেষ করা হোক এবং নাপিতচর থেকে কেরানিহাটে চলাচলের রাস্তাটি উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











