বাঁশখালীতে ১১ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী শিশু সোহাইব, সংবর্ধনা

চট্টগ্রামের বাঁশখালীতে মাত্র ১১ মাস সময়ে ৩০ পারা পবিত্র কোরআন শরীফের হিফজ শেষ করে "হাফেজ" হলেন ৯ বছর বয়সী শিশু সোহাইবুল ইসলাম সাজ্জাদ। সে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের আকতার হোসাইনের ছেলে। ১১ মাসে হিফজ সম্পন্ন করতে পারায় কাতে সংবর্ধনা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
শনিবার (৮ আগস্ট) সকালে পূর্ব চাম্বল মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসায় এই সংবর্ধনা আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চাম্বল বড় মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব।
মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ নুরুদ্দীনের পরিচালনায় উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি ও দারুল কারীম মাদরাসার পরিচালক শফকত হোসাইন চাটগামী, বিশিষ্ট আলেম ও ব্যবসায়ী মাওলানা আবু তৈয়ব, রিপোর্টার কলিম উল্লাহ মিসবাহ, শরিফ মাহমুদ, প্রবাসী মোহাম্মদ রিদোয়ান, শিক্ষক হাফেজ তারেক প্রমুখ।
অনুষ্ঠানে ১১ মাসে হিফজ শেষ করা নবীন হাফেজ সোহাইবুল ইসলাম সাজ্জাদসহ আরও ২জন নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন-জঙ্গর চাম্বল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মুহাম্মদ ওবাইদুল্লাহ ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মুহাম্মদ নুরুদ্দিন।
অনুষ্ঠানে মাদ্রাসার নুরানি বিভাগের ৩০ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক শুরু করেন। পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুর তাদের সবক শুরু করান।
আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুর বলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা পবিত্র কোরআনের হিফজ শেষ করছেন, ৩০ পারা কোরআন মুখস্ত করছেন এটা পবিত্র কোরআন শরীফের মজেজা। দুনিয়ার কোন চটি বইও কেউ কখনো হুবহু মুখস্থ করতে পারেনা। তিনি সবাইকে মসজিদ মাদরাসা আলেম ওলামাদের পাশে থাকার তাদের সাপোর্ট দেওয়ার আহবান জানান। পরে হুজুরের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে ১১ মাসে হিফজ সম্পন্ন করা শিশুর সংবর্ধনা।











