রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

রুমায় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিতর্ক, ঙানরাও ম্রোর রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
ছবি সংগৃহীত।

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বর্তমান সদস্য (মেম্বার) ঙানরাও ম্রো বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর তাঁর রাজনৈতিক পরিচয় ও অতীত দলীয় সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন।

স্থানীয় নেতাদের কেউ কেউ দাবি করছেন, ঙানরাও ম্রো কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার দাবি করেছেন ঙানরাও ম্রো।

জানা গেছে, গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পান্তলা পাড়ার কোকোসিং মারমা, ৭ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার ঙানরাও ম্রো, ৬ নম্বর ওয়ার্ডের গালেঙ্গ্যা পাড়ার উচমং মারমা, ৪ নম্বর ওয়ার্ডের মাংতং পাড়ার মেনমিয়াম ম্রো, ৪ নম্বর ওয়ার্ডের অংলাই পাড়াবাসী য়াংপুং ম্রো এবং ৭ নম্বর ওয়ার্ডের আংমাই পাড়ার সিংরাও ম্রো। এ ছাড়া আরও কয়েকজন স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ঙানরাও ম্রো দাবি করেন, ২০১৩ সাল থেকে রুমা উপজেলা বিএনপির কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

এদিকে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরীর রুমা উপজেলার একান্ত প্রতিনিধি থুইসাঅং মারমা জানিয়েছেন, ঙানরাও ম্রো গালেঙ্গ্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে মৌখিকভাবে দাবি করলেও লিখিত কোনো নথি দেখাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত গালেঙ্গ্যা ইউনিয়নে বিএনপির সক্রিয় কর্মী মেননিয়ান ম্রো বলেন, “আমি ১৯৯৮ সালে মেম্বার হয়েছিলাম। জনগণ ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়ালে ২০২৭ সালে ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের মানুষের সেবা করতে পারব।”

তবে এ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় গালেঙ্গ্যা ইউনিয়নে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির একটি স্বাক্ষরিত কাগজে ঙানরাও ম্রোর নাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। ওই কাগজে তৎকালীন রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের স্বাক্ষর রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, তৎকালীন সময়ে ঙানরাও ম্রো ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। রুইফ পাড়ায় ঙানরাও ম্রো নামে একাধিক ব্যক্তি না থাকায় ওই কমিটির তালিকায় থাকা ব্যক্তিই বর্তমান মেম্বার ঙানরাও ম্রো বলে দাবি করেন তিনি।

একই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং দলীয় পদ-পদবি নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অতীত রাজনৈতিক ভূমিকা, দলীয় সম্পৃক্ততা ও সাংগঠনিক অবস্থান যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির মূল নথি ও সাংগঠনিক রেকর্ড যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।




নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবন অবস্থায় আটক তিনজনের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবন অবস্থায় আটক তিনজনের কারাদণ্ড
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়িতে কিশোর গ্যাং, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় শফিউল্লাহর দোকানসংলগ্ন মোড় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম ওরফে ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ ওরফে বাইডেন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলাকালে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত ইমাম হোসেনকে ৩ দিন, শহিদুল ইসলাম ওরফে ময়নাকে ১০ দিন এবং আব্দুল্লাহ ওরফে বাইডেনকে ৭ দিনের কারাদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান খান। পুলিশের এই বিশেষ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় মাদক, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকসেবী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান আরও জোরদার করা হবে।




আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক)-এর দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ (এএমসি) ক্যাম্পটি পরিচালনা করেন। দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ এতে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ পান।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমনের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে তারা নিয়মিত জনকল্যাণমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ব্যাটালিয়নের অধীন অন্যান্য দুর্গম বিওপি এলাকায়ও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৭ বিজিবি।




এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাব কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নম্বর ক্লাব হিসেবে এ চার্টার সার্টিফিকেট লাভ করে সংগঠনটি। বান্দরবান জেলার লামা উপজেলায় সমাজের মুক্তচিন্তার মানুষদের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্লাবটি গঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. তৈয়ব আলীর হাতে চার্টার সার্টিফিকেট তুলে দেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে জাতীয় সভাপতি নাসিম আহমেদের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী এবং এনইএস এপেক্সিয়ান মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সংবলিত পিন পরিয়ে দেন। এ সময় স্পন্সর ক্লাব 'এপেক্স ক্লাব অব চকরিয়ার' সাবেক সভাপতি এপেক্সিয়ান সাইদুল হক চৌধুরী নতুন ক্লাবটির ১১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন, মো. আরাফাত চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত আলী, এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট এম. বশিরুল আলম এবং এপেক্সিয়ান মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এপেক্স ক্লাব অব লামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।