রামুর প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ নভেম্বর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

রামুর প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ নভেম্বর

রামুর প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২৪ নভেম্বর
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রজ্ঞামিত্র বনবিহারে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।

আয়োজকরা জানান, ২৪ নভেম্বর ২০২৬ (৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ) মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে এ বছরের সর্বশেষ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও ‘শাসনরত্ন’ উপাধিতে ভূষিত রাঙ্গুনিয়া কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাথের।

দিনব্যাপী এই দানানুষ্ঠানে দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুসংঘ, ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুণ্যার্থী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথের। তিনি জানান, মৈত্রীপ্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরর ১৯তম প্রয়াণ দিবস এবং বাগ্মীপ্রবর প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথেরসহ এলাকার পরলোকগত জ্ঞাতিগণের শান্তি ও সদগতি কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হয়েছে।

প্রজ্ঞামিত্র বনবিহার সেবা কমিটির উপদেষ্টা ও সমাজপতি বাবুল বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া এবং যুব সমাজের প্রতিনিধি কীর্তনিয়া দয়াল বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এ মহতী ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও সর্বস্তরের মানুষের মৈত্রীময় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।




চকরিয়ায় নবপ্রজন্ম নুরানি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৪১৮ শিক্ষার্থী

চকরিয়ায় নবপ্রজন্ম নুরানি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৪১৮ শিক্ষার্থী
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় তৃতীয়বারের মতো ‘চকরিয়া নবপ্রজন্ম নুরানি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে চকরিয়া ও মাতামুহুরি উপজেলার ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৪১৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চকরিয়া গ্রামার স্কুল ও চিরিংগা এমদাদুল উলুম মাদরাসা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন চকরিয়া নবপ্রজন্ম সোসাইটির চেয়ারম্যান মাওলানা ঈসা, বহদ্দারকাটা মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন, বালাগুল মুবিন মাদরাসার মুহতামিম মুফতি এনামুল হক, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, চকরিয়া নবপ্রজন্ম সোসাইটির আহ্বায়ক মাওলানা মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবউল্লাহ মিছবাহ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।




চকরিয়ায় কাঁচাবাজারের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ

চকরিয়ায় কাঁচাবাজারের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের হক সুপার মার্কেট ও কাঁচাবাজার এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন এবং বিপুল অঙ্কের অর্থের হিসাব নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরদিনই এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার চিরিংগা মৌজার ৪২ নম্বর বিএস খতিয়ানের ৭৬ নম্বর দাগের অন্তর্ভুক্ত ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪১ ও ৩৪২ নম্বর দাগে তাঁদের পৈতৃক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির মালিকানা ও ভোগদখল নিয়ে চার ভাইবোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে পারিবারিক সমঝোতায় ছোট ভাই তৌফিকুল হক রিপনকে মৌখিকভাবে সম্পত্তি দেখাশোনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগে বলা হয়, ওই সম্পত্তিতে বিভিন্ন দোকান ও মার্কেটের মালিকদের কাছ থেকে সেলামি ও ভাড়া বাবদ আনুমানিক ৫ কোটি ২০ লাখ টাকা আদায় করা হয়েছে। মার্কেট নির্মাণ ও অন্যান্য খরচ বাবদ প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় দেখিয়ে অবশিষ্ট প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা অন্য ভাইবোনদের বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় রূপালী ব্যাংক-সংলগ্ন একটি কার্যালয়ে পাওনা টাকা ও পৈতৃক সম্পত্তির হিসাব চাইতে গেলে তৌফিকুল হক রিপন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মার্কেটে কাজ করতে এলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগকারীর দাবি। এ ঘটনায় পরদিন ১৯ নভেম্বর চকরিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করেন তিনি।

অভিযোগকারীদের দাবি, জিডি করার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তৌফিকুল হক রিপন নিজেই সদলবলে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর চালান। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চিরিংগা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় নির্মাণাধীন ভবনের পাকা দেয়ালে লাথি মেরে ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাঁদের মধ্যে রিপনের স্ত্রী নিলীমা নাসরিন সুমি ও শাশুড়ি, শ্যালক ঈদগাহ মাইজপাড়া এলাকার শিহাব এবং সম্বন্ধী ডা. সাদেক রয়েছেন বলে জানা গেছে। এ সময় তিন নির্মাণশ্রমিক বেলাল, ইমাম হোসেন ও আবদুল মুবিনকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় অভিযোগকারীরা আরও আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, ঘটনার পর চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগের প্রেক্ষাপটে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




রামুসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে এক দিনের ব্যবধানে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ৭ জন

রামুসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে এক দিনের ব্যবধানে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ৭ জন
ছবি সংগৃহীত।

এক দিনের ব্যবধানে পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় কক্সবাজারে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। কোথাও বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কোথাও সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই যুবকের। আবার অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের চার সদস্য, যাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

স্বল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক প্রাণহানির এ ঘটনায় কক্সবাজারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি সড়ক ও রেলপথের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অরক্ষিত রেলক্রসিং, ঝুঁকিপূর্ণ সড়ক এবং যানবাহন চলাচলে অসতর্কতা এসব দুর্ঘটনার পেছনে কতটা দায়ী, তা নিয়ে জনমনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রামু ও কক্সবাজার সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।

এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে। শুক্রবার বেলা ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে একই পরিবারের চারজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সি শিশুকন্যা মাশ্রুফা।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন তাঁরা। কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি তিনজন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। এ ছাড়া রেললাইনের দুই পাশে বড় বড় গাছ থাকায় সড়ক থেকে ট্রেন আসার বিষয়টিও সহজে দেখতে পান না চালকেরা। ফলে চরম ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই রেলক্রসিং পার হতে হয় যানবাহন ও পথচারীদের।

একই দিন সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন নাদিম হাসান (১৬)। তিনি রত্নাপালং এলাকার নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাদিম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে সেটিকে আইনের আওতায় আনা হবে।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে ঘটে আরেকটি দুর্ঘটনা। মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে হঠাৎ সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান দুই যুবক। এ ঘটনায় আহত হন আরও একজন।

নিহত ব্যক্তিরা হলেন কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজিরপাড়ার জয়নাল আবদীনের ছেলে মো.শাহীন (২৪) এবং আব্দুস ছালামের ছেলে সৌদি আরব-ফেরত ইকবাল (২৫)। আহত মোহাম্মদ কাইয়ুমের (২৪) বাড়িও একই এলাকায়।