রাউজানে সুন্নী জোট প্রার্থীর ৬ দফা দাবি, সেনাবাহিনী মোতায়েনের আহ্বান

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারসহ ৬ দফা দাবি জানিয়েছেন বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা মো. ইলিয়াছ নুরী। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জোটের ‘মোমবাতি’ প্রতীকের এই প্রার্থী নির্বাচনী প্রচারণার রোডম্যাপ ঘোষণা করেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাউজানের দুই প্রান্তে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবি তোলেন।
লিখিত বক্তব্যে প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আমান উল্লাহ আমান অভিযোগ করেন, গত ১৫ মাসে রাউজানে ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও জড়িতদের অনেকেই এখনো অধরা। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া এবং ‘মব জাস্টিস’ চলমান থাকায় সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, “ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রচারণা কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি রাউজান সরকারি কলেজ মাঠে জনসভার মাধ্যমে শেষ হবে।
যুবসেনা নেতা রবিউল হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শামশুল আলম নঈমী, মাওলানা দৌলত খান ও মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বক্তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।









