মীরসরাইয়ে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

চট্টগ্রামের মীরসরাইয়ে দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের সৌজন্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে আট শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ ছাড়াও ১০০ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য ১২০ জন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লায়ন্সের সিনিয়র গভর্নর অ্যাডভাইজার ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের পরিচালক তাহের আহমেদ এবং রিজিয়ন চেয়ারপারসন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল। লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের সভাপতি মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন শওকত আকবর সোহাগ, দাউদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মুসলিম উদ্দিন লিটন এবং ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, “আমরা আট শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দিয়েছি। এছাড়া যে ১২০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তাদের বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।”
ক্যাম্পেইনে ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূঁইয়া ও মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের সংহতি প্রকাশ করেন।








