বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় দুদিন যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় দুদিন যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় দুদিন যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছবি সংগৃহীত।

আনোয়ারার মহতরপাড়া এলাকায় সড়ক আটকে বালু ভরাটের পাইপলাইন বসানো ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ করায় গত দুদিন যান চলাচল বন্ধ রেখে দুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেছে।

গত সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বড়উঠান রাস্তার মাথা এলাকা থেকে কৈনপুরা ও মহতরপাড়া সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও একাধিক অটোরিকশা চালক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়উঠান রাস্তার মাথা এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দখল করা জমিতে বালু ভরাটের কাজ করছেন। ওই জমি ভরাট করতে কালারপুল খালের মহতরপাড়া অংশে ড্রেজার বসিয়ে প্রায় এক কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে বালু ফেলা হচ্ছে। সাধারণ মানুষের বাড়িঘর ও সড়কের ওপর দিয়ে যাওয়া বালুর পাইপলাইনের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

এসব ঘটনায় গত রোববার বিকেলে ভুক্তভোগী স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে সোমবার বিকেলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার যান চলাচল বন্ধ করে দেন। ফলে বিপাকে পড়েন ওই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ।

একাধিক অটোরিকশা চালক ও যাত্রী অভিযোগ করে বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের ওপর দিয়ে পাইপলাইন নেওয়ার কারণে সড়কটি দিয়ে বেশ কিছুদিন ধরে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকেরা উপজেলা প্রশাসনে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার জেরে বড়উঠান এলাকার বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। অনেক যাত্রীকে মাঝপথে নামিয়ে দিতে হয়েছে। গত দুদিন মানুষ পায়ে হেঁটে বড়উঠান রাস্তার মাথা থেকে কৈনপুরা ও মহতরপাড়ায় যাতায়াত করতে বাধ্য হয়েছেন।

তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু কালাম আজাদ।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে যান চলাচল বন্ধের বিষয়টি কেউ আমাদের জানায়নি।’




পটিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ঘিরে প্রস্তুতি, প্রায় দুই লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

পটিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ঘিরে প্রস্তুতি, প্রায় দুই লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
ছবি সংগৃহীত।

পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই মহাসম্মেলন ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জামিয়া কর্তৃপক্ষ। সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

সম্মেলনে আগত অতিথি ও মুসল্লিদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা রাখা হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট আলেমরা এতে অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, হাফিজুর রহমান কুয়াকাটা ও মাওলানা জুনাইদ আল হাবিবসহ দেশবরেণ্য আলেমদের।

এদিকে সম্মেলন সফল করতে প্রস্তুতি ও পরামর্শ সভা করেছে জামিয়া কর্তৃপক্ষ। সভায় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা, অতিথিদের অভ্যর্থনা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদি বলেন, এবারের সম্মেলনটি জামিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এতে প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। আগত অতিথি ও ধর্মপ্রাণ মানুষের আপ্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মেলন সফল করতে তিনি দেশবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের মহাসম্মেলন ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসের বয়ান ও ইসলামী শিক্ষার প্রচারের পাশাপাশি দেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।




পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনে এমপি এনামুল হক

পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনে এমপি এনামুল হক
ছবি সংগৃহীত।

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পৌরসদরের ক্লাব রোডে অবস্থিত জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৯ জুন ‘যুব গোষ্ঠী ভবন ও ব্যায়ামাগার’ নামে পটিয়া জিমনেশিয়াম ভবনের উদ্বোধন করেন এবং এর জন্য স্থায়ী জায়গা দেন। দীর্ঘদিন জিমনেশিয়ামের জায়গা বেহাত থাকলেও সম্প্রতি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় ৯ শতক জায়গা উদ্ধার করা হয়।

সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আবু তাহের, সাবেক ফুটবলার আবুল কাশেম, ফুটবল কোচ নাছির উদ্দীন, ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাহজাহান চৌধুরী, ফুটবল কোচ আবুল কালাম বাবুল, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুল সালাম, আল রায়হান সোহেল, আজিজুল হক, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, জসিম মল্ল, মো. নাজিম, মো. আলমগীর ও জুয়েল প্রমুখ।

এ সময় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ জিমনেশিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী এ জিমনেশিয়াম পরিদর্শনে এসেছিলেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, দীর্ঘদিন জিমনেশিয়ামের জায়গা বেহাত ছিল। উপজেলা ক্রীড়া সংস্থার আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৯ শতক জায়গা উদ্ধার করার পর সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।




পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে আগুন, আতঙ্কে নারী অজ্ঞান

পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে আগুন, আতঙ্কে নারী অজ্ঞান
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসদরের ছন্দা সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি কুলিং কর্নারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে এবং বিস্ফোরণের আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে পটিয়া সদরের ছন্দা সড়কে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ‘আল মারুয়া কুলিং কর্নার’-এ এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় দোকানের ভেতরে থাকা কেউ হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া নিউরন হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেজ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জানানো হবে।

এদিকে শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দোকানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।