বান্দরবানে কুকুরের কামড়ে ১৭ জন আহত, জনমনে আতঙ্ক

বান্দরবান সদর উপজেলার রংছড়ি স্টেশন ও লেবুঝিরি পাড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের সবাই বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কামাল হোসেন (৩০) নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্য জানা গেছে। একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুকুরের কামড়ে আহত কামাল হোসেন জানান, তিনি হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর এসে তাঁর পায়ে কামড় দেয়। এতে তাঁর পায়ে ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
কামালের পরিবারের এক সদস্য জানান, তাঁরা বাড়িতে থাকা অবস্থায় খবর পান, কামালকে কুকুরে কামড় দিয়েছে। খবর পাওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “জরুরি বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুকুরের কামড়ে আহত ১৭ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও কয়েকজন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসতে পারেন বলে আমরা খবর পাচ্ছি।”
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জলাতঙ্কের টিকা মজুত রয়েছে। পরবর্তী সময়ে টিকার সংকট দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুকুরে কামড়ালে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
জলাতঙ্ক প্রতিরোধে কুকুরে কামড়ানোর পর ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকাসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা জরুরি।
এদিকে, কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।










