রোয়াংছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রোয়াংছড়ি হাইস্কুল মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের তত্ত্বাবধানে রোয়াংছড়ি আর্মি ক্যাম্প এ কর্মসূচি বাস্তবায়ন করে। এতে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
এ কর্মসূচির আওতায় রোয়াংছড়ি ও আশপাশের এলাকার চক্ষু সমস্যায় আক্রান্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে না পারা ব্যক্তিদের সহায়তা করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনাবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।










