ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতার ছাত্রদলে যোগদান

চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই ছাত্র সংগঠনে অন্তর্ভুক্ত হন। নবীন এই সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও ছাত্রদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
ছাত্রদলে যোগদানকারী উল্লেখযোগ্যরা হলেন— চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান এবং জেলা শাখার সদস্য কাউসার আলম মারুফ, মো. আদনান, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. সামির সিদ্দিকী ও মো. রিয়াদ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। তিনি বলেন, "জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন। আজ যারা যোগ দিয়েছেন, তাঁদের ত্যাগ ও সংগ্রাম আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে।"
উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, "বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই ছাত্রপ্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তাঁদের অন্তর্ভুক্তি আমাদের জন্য গর্বের।"
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য গিয়াস উদ্দিন মামুন ও উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।








