ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ব্যক্তি নিহত, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. নাছির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার দিঘির পাড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত জামাল ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। আহত নাছির একই এলাকার বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে শাহনগর দিঘির পাড়ে দাঁড়ালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লেলাং এলাকায় দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”









