ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার পুলিশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার একটি টংঘরে অভিযান চালায়। এ সময় মোবারককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই টংঘরে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোবারককে আটক করা হয়। গ্রেপ্তার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, মোবারকের জিম্মা থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোরা (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










