ফটিকছড়িতে আগুনে ছাই কাটা ধান, ক্ষতি ৬০ শতক জমির ফসল
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ফটিকছড়িতে আগুনে ছাই কাটা ধান, ক্ষতি ৬০ শতক জমির ফসল

ফটিকছড়িতে আগুনে ছাই কাটা ধান, ক্ষতি ৬০ শতক জমির ফসল
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কৃষকের কেটে রাখা ধানের স্তূপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০ শতক জমির ধান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. জাহাঙ্গীর নাজিরহাট পৌরসভার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি বলেন, “ঋণ করে জমিতে ধান চাষ করেছিলাম। ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি হিসেবে স্তূপ করে রেখেছিলাম। কে বা কারা আগুন দিয়েছে, তা জানতে পারিনি। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ফসল হারিয়ে এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।”

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন দুর্বৃত্ত সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসে। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যায়। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায় তারা।

গুলিবর্ষণে আহত ব্যক্তিরা হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক অটোরিকশাচালকের নাম মো. জাবেদ হোসেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আটক জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তাঁর অটোরিকশাটি ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাদের সঙ্গে যোগ দেয়। পাঁচজনকে নিয়ে চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তারা গুলি ছুড়তে শুরু করে। ওই পাঁচজনের সবার কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, ‘অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চালককে আটক করলেও অস্ত্রধারীরা পালিয়ে যায়।’

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক চালক পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি; এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’




ফটিকছড়িতে রাতের মশাল মিছিল, দেড় শতাধিক আসামি

ফটিকছড়িতে রাতের মশাল মিছিল, দেড় শতাধিক আসামি
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান। থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন মামলাটির বাদী। মামলায় ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকার বাসিন্দা মো. হান্নান চৌধুরী (৪০)-কে এক নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় করা মামলার এজাহারে বলা হয়, গত ১৯ নভেম্বর রাতে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মশাল ও ইটপাটকেল নিয়ে মিছিল করার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা গাছ, মশাল ও ইটপাটকেল ফেলে পালিয়ে যান। একই রাতে পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল ও ইটের ভাঙা অংশ উদ্ধার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, প্রথম ঘটনাস্থল থেকে ছয়টি বাঁশের তৈরি মশাল, ইটের ১২টি ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা উদ্ধার করা হয়। দ্বিতীয় ঘটনাস্থল থেকে আরও পাঁচটি মশাল ও ইটের ছয়টি ভাঙা অংশ জব্দ করা হয়। দুই দফায় মোট ১১টি মশাল, ইটের ১৮টি ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা উদ্ধার করে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘নাশকতার চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’




রাতেই বিলুপ্ত, এক দিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি

রাতেই বিলুপ্ত, এক দিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি
ছবি সংগৃহীত।

সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে বিলুপ্ত ঘোষণার মাত্র ২১ ঘণ্টার মাথায় পুনর্বহাল করা হয়েছে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। শনিবার মধ্যরাতে বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।

রবিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে। তবে কী ধরনের শৈথিল্যের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। একইভাবে মাত্র ২১ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্বহালের কারণও জানানো হয়নি।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের দাবি, হামলার ঘটনার দিনই সাংগঠনিক শৈথিল্যের অভিযোগ তুলে কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই এত অল্প সময়ের ব্যবধানে তা পুনর্বহাল করায় তাঁদের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। গতকাল হঠাৎ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও বিনা দ্বিধায় তা মেনে নিয়েছিলাম। আজ আবার কমিটি পুনর্বহাল হওয়ায় আনন্দিত হয়েছি। দলের সব সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছি।”