পথ চেয়ে কেটেছে ৫৫ বছর, অবশেষে রহমতপুরে এমপি, উন্নয়নের আশায় বুক বাঁধছেন সীমান্তের মানুষ

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে। বদলেছে সময়, বদলেছে দেশের অনেক জনপদের চিত্র। কিন্তু চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্তবর্তী বাগানবাজার ইউনিয়নের রহমতপুর গ্রামের মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া লেগেছে সামান্যই। সড়ক, সেতু, বিদ্যুৎ, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক নাগরিক সুবিধার সংকট নিয়ে বছরের পর বছর কাটছে তাঁদের। জনপ্রতিনিধিরাও অতীতে এ জনপদে যাননি বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের পা পড়ল তাঁদের গ্রামে। তাই তাঁকে একনজর দেখতে সকাল থেকেই ভিড় করেন শত শত মানুষ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বাগানবাজার ইউনিয়নের রহমতপুর, পানুয়া ও নয়দোলং এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় মানুষের জীবনযাত্রা, দীর্ঘদিনের দুর্ভোগ ও সীমান্ত এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এদিন বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর পানুয়া ওয়ার্ডে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বিদ্যালয় ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে নবপ্রতিষ্ঠিত নয়দোলং মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সরোয়ার আলমগীর বলেন, ‘আমি এই এলাকায় এসে দেখেছি, এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে বসবাস করছেন। এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সেতু, সড়ক ও বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
বাগানবাজার শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ওলি উল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম কোনো সংসদ সদস্য রহমতপুর, পানুয়া ও নয়দোলং গ্রামে এসেছেন। এত বছর ধরে আমরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা এলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দুর্ভোগের শেষ থাকে না। জনপ্রতিনিধিরা অতীতে আমাদের এলাকার বাস্তব অবস্থা দেখার সুযোগ পাননি। সংসদ সদস্য নিজে এসে আমাদের কষ্ট দেখেছেন, সমস্যার কথা শুনেছেন এবং উন্নয়নের আশ্বাস দিয়েছেন। আমরা চাই, তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হোক। তাহলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবে এই জনপদের মানুষ।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা ইউসুফ আলম মাসুদ, জসিম উদ্দিন, মহিউদ্দিন, আবুল খায়ের, আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।










