পটিয়ায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ

পবিত্র ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটিয়ায় আমির ভান্ডার বশরীয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক সাঙ্গুর পটিয়া প্রতিনিধি ও মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আলম সওদাগরের ছেলে রবিউল হোসেন, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
কুইজ প্রতিযোগিতায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, নবুয়ত, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সমাজ সংস্কার, দয়া, ক্ষমা ও তাঁর মহান জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যায়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ও উদ্বোধক মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ থেকে আমাদের শিশু-কিশোরদের শিক্ষা নিতে হবে। শুধু ধর্মীয় জ্ঞান অর্জন নয়, মহানবীর শিক্ষা অনুসরণ করে সত্যবাদিতা, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তাদের শিক্ষাজীবন সুন্দর করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ধর্মীয় আলোচনা, কুইজ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বিত আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে।
শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










