পটিয়ায় তোহা হত্যা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে আদালত বর্জনের হুঁশিয়ারি

পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।
একই সঙ্গে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আইন পেশার সঙ্গে সম্পৃক্ত একজন দায়িত্বশীল সংগঠন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী ও মো. হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
বক্তারা বলেন, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।











