পটিয়ায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে ‘মানবতার বন্ধন’-এর আর্থিক সহায়তা

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যান্সার আক্রান্ত যুবক মোহাম্মদ রাকিবের (২০) চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন, পটিয়া’। বুধবার (৫ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর এবং সাধারণ সম্পাদক আলমগীর আলম। তারা রাকিবের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের, সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম ও সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা চালানো যেকোনো পরিবারের জন্য অত্যন্ত কঠিন। সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসা সহজ হবে।
বক্তারা আরও জানান, ‘মানবতার বন্ধন’ সবসময় অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে রাকিবের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।









