পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা মো. নাছির ও মো. কাইসার। তবে নাছির ও কাইসারের সুনির্দিষ্ট সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি। তাঁদের তিনজনেরই বাড়ি গোরনখাইন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোরনখাইন এলাকার মৃত আবদুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, আহমদ আলীর ছেলে মো. নাছির এবং মো. ইউসুফের ছেলে মো. কাইসারকে আটক করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।











