নুসরাতের বাড়িতে হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নুসরাতের বাড়িতে হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে: জামায়াত আমির
ছবি সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলায় দোষীদের খুঁজে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।

এ হামলা কাপুরুষোচিত উল্লেখ করে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

বুধবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার বাড়িতে হামলার খবর দেন নুসরাত।

shafiqur-rahmanss-20261112104533
 

তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল, সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।

এদিকে, রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
 




শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ
ছবি সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার এই আবেদন মূলত বর্তমান বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে।

পোস্টে ড্যানিলোভিচ আরও উল্লেখ করেন, এর মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন যে, তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাতে বাধা সৃষ্টি করছে। এছাড়া এই পদক্ষেপের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজতে পারে। সে ক্ষেত্রে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করাতে তৃতীয় কোনো দেশকে যুক্ত করার উদ্যোগও এর পেছনে থাকতে পারে।

উল্লেখ্য, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে প্রাপ্ত ই-মেইলটির বিষয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

শেখ হাসিনার এই আবেদনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সরকার কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি প্রদান করবে না। তিনি আরও উল্লেখ করেন, ভারতের সাথে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায় বাংলাদেশ।




আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
ছবি সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা নিজের দেশের সন্তানের রক্ত পান করতে দ্বিধা করে না, তারা আবার উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ তা মেনে নেবে– এটা কোনও দিনই সম্ভব নয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এত মানুষের রক্ত ঝরিয়ে, এত নির্যাতন চালিয়ে নির্মম ও নিষ্ঠুরভাবে দেশ পরিচালনা করেছেন যিনি, তিনি এখন বলছেন, ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। কিন্তু এ দেশের মানুষের চোখের সামনে এখনও ভাসছে সেই তরতাজা শিশু-কিশোর ও তরুণদের মুখ, যারা বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে মহিমান্বিত গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই বিপ্লব কি মুছে ফেলা যাবে? আবু সাঈদের আত্মত্যাগ, মুগ্ধের আত্মত্যাগ, ওয়াসিম আকরামের আত্মত্যাগ– এসব কি মুছে ফেলা যাবে?’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, সবাই ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবে– এটি কি কখনও সম্ভব? বাংলার মাটি বীরের মাটি। এই মাটি বহু বীরের জন্ম দিয়েছে। যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, তারা আবার উড়ে এসে জুড়ে বসবেন, আর জনগণ তা মেনে নেবে– এটি কোনও দিনই সম্ভব নয়।’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার মিল তুলে ধরে রিজভী বলেন, ‘মানুষের ভেতরে ভেতরে যে ক্ষোভ জমে উঠেছিল, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাও ছিল ৭ নভেম্বরের চেতনা। অর্থাৎ আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় অনুচররা যতই চেষ্টা করুক, ১৮ কোটি মানুষের এই দেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশকে কখনও আধিপত্যবাদের থাবার মধ্যে নিয়ে আসা যাবে না।’

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘৭ নভেম্বর শুধু বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার দিন নয়, গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত হওয়ারও দিন। তবে এর তাৎপর্য শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। ৭ নভেম্বর বিদেশি প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতি প্রণয়ন এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সূচনা করেছিল। বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে বৈরিতা থাকবে, কার সঙ্গে চুক্তি করবে– এসব বাংলাদেশের সরকার ও জনগণের নিজস্ব ব্যাপার। এটি কারও নির্দেশে, কারও অঙ্গুলিহেলনে কিংবা কারও কথায় পরিচালিত হবে না।’

দীর্ঘদিন দিবসটি পালনে বাধার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। ১৯৭৬ সাল থেকেই দিবসটি সরকারিভাবে পালিত হয়ে আসছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর এটি সরকারিভাবে পালন করতে দেওয়া হয়নি। তবে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করেছে। ফলে ৭ নভেম্বরের তাৎপর্য ও অন্তর্নিহিত চেতনা কখনও মুছে যায়নি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কতবার প্রবেশের চেষ্টা করেছে! মার খেয়েছে, ফিরে গেছে। আবার এসেছে, আবার মার খেয়েছে, আবার ফিরে গেছে। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এই হামলা, তাদের শরীর থেকে ঝরে পড়া রক্ত কখনও বৃথা যায়নি। সারা দেশের মানুষ এসব ঘটনা পর্যবেক্ষণ করেছে। তাদের শরীর থেকে যে রক্ত ঝরেছে, তা এ দেশের অনেক তরুণ এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা সৃষ্টি করেছে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রিজভী বলেন, তিনি একটি দক্ষ ও চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি চাননি সেনাবাহিনী রাজনীতিকরণ হোক। আজকের আধুনিক সেনাবাহিনী জিয়াউর রহমানের অবদান।

দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শত আক্রমণ ও হুমকির মুখেও তারেক রহমান দেশের হাল ধরে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের মাঝেও দলকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। ৭ নভেম্বর আমাদের এমন একটি কম্পাস, যা বিপদের সময়ও সঠিক পথ দেখায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।




ভাগ্য পরিবর্তনে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

ভাগ্য পরিবর্তনে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কেরানীহাট সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতির প্রেক্ষাপট কোনো রাজনৈতিক বিপ্লব ছিল না। এটি ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সর্বস্তরের গণমানুষের সিসাঢালা ঐক্য।

তিনি বলেন, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে সিপাহি-জনতার বিপ্লব ঘটেছিল, দুঃখজনকভাবে আজও সেই স্বপ্ন সুদূর পরাহত। সরকার আসে, সরকার যায়; কিন্তু গণমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বায়তুল মাল সম্পাদক নুরুল হক, শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল আনোয়ার মোস্তফা, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, সাতকানিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা সন্নিহিত আছে। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেই যাচ্ছে। সরকার ক্রমান্বয়ে স্বৈরশাসনের পথেই হাঁটছে।