ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানে শুরু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দীনি শিক্ষা ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান জামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামি সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলনটি আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত চলবে।
সম্মেলনকে ঘিরে নানুপুর ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আড়াই লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লির মেহমানদারির লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাপক আয়োজন সম্পন্ন করেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামি স্কলার, বরেণ্য আলেমে দীন, লেখক, গবেষক, ইসলামি চিন্তাবিদ ও পীর-মাশায়েখরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জামিয়া সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইতোমধ্যে নানুপুরে আসতে শুরু করেছেন। অনেকে দলবদ্ধভাবে যানবাহন ভাড়া করে সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন। এদিকে বিভিন্ন স্থান থেকে দানশীল ব্যক্তিদের পক্ষ থেকে গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ বিভিন্ন ধরনের পশু এবং খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত জামিয়া ওবাইদিয়া নানুপুর দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা, ইসলামের প্রচার-প্রসার এবং আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি সারা দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পরিচিত আধ্যাত্মিক মারকাজ হিসেবে সমাদৃত। প্রতিবছর এ সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
জামিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন পীর সাহেব নানুপুরী বলেন, সম্মেলনে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির মেহমানদারির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম ও ওয়ায়েজিনে কেরামের মাধ্যমে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও নসিহত শোনার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, দীনি চেতনা জাগ্রত করা এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জোরদার করা।
সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরলসভাবে কাজ করছেন। এদিকে জামিয়ার মহাপরিচালক দেশবাসীর প্রতি সম্মেলনের সার্বিক সফলতা, শান্তিপূর্ণ আয়োজন এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
সব মিলিয়ে নানুপুর জামিয়া ওবাইদিয়ার দুই দিনব্যাপী বার্ষিক ইসলামি সম্মেলনকে ঘিরে চট্টগ্রামসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।









