নির্বাচনে দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না: জেলা প্রশাসক

নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনো ধরনের অসততা বা শৈথিল্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (২ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ প্রকাশ করা যাবে না। সততা ও নিরপেক্ষতার সঙ্গে অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রম ‘সুরক্ষা অ্যাপ’, সিসিটিভি এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে গণভোট সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রেখে ভোটারদের সঠিক তথ্য প্রদান করতে হবে।”
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন ও সেনাবাহিনীর ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ১২৬ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ২ হাজার ২৫৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নেন।







