নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশি অভিযানে ইয়াবাসহ সুলতান আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশি অভিযানে ইয়াবাসহ সুলতান আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশি অভিযানে ইয়াবাসহ সুলতান আটক
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া চৌরাস্তা মোড় এলাকায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুতুপালং বাজার থেকে একটি সন্দেহজনক মোটরসাইকেল বড়ুয়াপাড়ার দিকে আসতে দেখলে চেকপোস্টে অবস্থানরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এসআই (নিঃ) হৃদয় পাল ও সঙ্গীয় ফোর্স দ্রুত পদক্ষেপ নিয়ে মোটরসাইকেলচালককে আটক করতে সক্ষম হন। তবে এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির মোটরসাইকেলে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করে পুলিশ।

জব্দকৃত আলামতসমূহ: ১. ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (উক্ত ইয়াবা সরবরাহের সময় কিছু অংশ ভেঙে গুঁড়া হয়ে যায়)।

২. একটি ইয়ামাহা এফজেড ভি-৪ (Yamaha Fz V4) মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২৩-২৯৩৩)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—

নাম: সুলতান আহমদ (৩৯)

পিতা: আবদু সালাম

সাং: ঘোনারপাড়া, গোলদীঘির দক্ষিণ পাড়, কক্সবাজার।




প্রায় ৩০০ শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বিল ছাড়করণে অর্থ আত্মসাতের অভিযোগ

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বিল ছাড়করণে অর্থ আত্মসাতের অভিযোগ
ছবি সংগৃহীত।

বান্দরবানের রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিল ছাড়করণের কাজে বিভিন্ন খরচের কথা বলে প্রায় ৩০০ জন প্রধান ও সহকারী শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। এতে মোট দেড় লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করা হলেও এই অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো স্পষ্ট ধারণা নেই।

অভিযোগ সূত্রে জানা গেছে, বান্দরবানের বনরূপা নিবাসী মাস্টার আবু হাসানের ছেলে এবং রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মামুনুর রশিদ পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিল তৈরির বিভিন্ন খরচের কথা বলে শিক্ষকদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন। এভাবে প্রায় ৩০০ জন শিক্ষকের কাছ থেকে মোট দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট কর্মচারীর কাছে তাঁরা প্রত্যেকে ৫০০ টাকা করে জমা দিয়েছেন। তবে কীসের খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। অথচ এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক তাঁদের স্পষ্টভাবে জানিয়েছিলেন, পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষক বলেন, “আমরা সবাই টাকা জোগাড় করে মামুনুর রশিদ ভাইয়ের কাছে জমা দিয়েছি। কিন্তু কী কারণে এই টাকা নেওয়া হলো, তা আমাদের পরিষ্কার করে জানানো হয়নি। অথচ শিক্ষা কর্মকর্তা আগেই আমাদের জানিয়েছিলেন, এসব কাজের জন্য কোনো টাকা লাগবে না।”

এ বিষয়ে অভিযুক্ত মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে কোনো টাকা লেনদেন করিনি। আমার হাতে এ ধরনের কোনো অর্থ জমা হয়নি।”

অভিযোগের বিষয়ে হিসাব সহকারী থোয়াই সাউ মার্মার কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের একটি অভিযোগ শুনেছি। তবে অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে, তা আমার জানা নেই।”

অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাকবলেন, “শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে সরকারের পক্ষ থেকে কোনো টাকা লাগে না। আমাদের অফিসের কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এক মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, এসব কাজ সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হবে। আমার নির্দেশ অমান্য করে কেউ অর্থ আদায় করে থাকলে এবং এর সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি দাপ্তরিক সেবা বিনামূল্যে প্রদানের নির্দেশনার পরও শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের এমন অভিযোগ ওঠায় স্থানীয় শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই, আদায়কৃত অর্থ কোথায় গেল তা নিরূপণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।




নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান,শিক্ষার উন্নয়নে আলো দেখাচ্ছেন

নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান,শিক্ষার উন্নয়নে আলো দেখাচ্ছেন
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে তা থেকে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘মানসম্মত শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান শিক্ষার মানোন্নয়নে তথ্যসমৃদ্ধ ও সুপরিকল্পিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়।

প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ইউএনও তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা, অভিভাবকদের সচেতনতা, নিয়মিত পাঠদান এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরেন। তাঁর দূরদর্শী চিন্তা ও শিক্ষার প্রতি আন্তরিকতা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু নাসের, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিরা।

সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ির শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সুধীজনের প্রত্যাশা, ইউএনও এনামুল হাসানের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নাইক্ষ্যংছড়ির শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং উপজেলাটি শিক্ষার মান ও ফলাফলে দেশসেরা হওয়ার পথে এগিয়ে যাবে।




বান্দরবানে ত্রিদেশীয় সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক

বান্দরবানে ত্রিদেশীয় সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশি আটক
ছবি সংগৃহীত।

বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রি-পিলার শূন্যরেখা থেকে সন্দেহভাজন হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুজনসহ আট বাংলাদেশিকে আটক করেছে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলারসংলগ্ন সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের সহযোগিতায় ছয়জনের একটি দল থানচি হয়ে ত্রি-পিলার সীমান্তে যান। একপর্যায়ে তাঁরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) প্রবেশ করেন। খবর পেয়ে ৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৩ ও ৬৪ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।

তবে ঠিক কী কারণে তাঁরা ওই দুর্গম সীমান্ত এলাকায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।